সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, বাবা আটক

খুলনায় একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভেতর থেকে ২২ দিনের শিশু মোনতাসির শেখের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ১০টার দিকে দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি গ্রামে মাটিচাপা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ শিশুটির বাবা নাহিদুর রহমান শেখকে (৩০) আটক করেছে। আটক নাহিদুর দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের সেনহাটি গ্রামের মাসুদুর রহমান শেখের ছেলে।

পুলিশ জানায়, প্রায় দেড় বছর আগে পার্শ্ববর্তী বারাকপুর ইউনিয়নের লাখোহাটি গ্রামের মিজানুর রহমানের মেয়ে মুর্শিদা আক্তার মৌয়ের সঙ্গে নাহিদুরের বিয়ে হয়। গত ২২ দিন আগে তাদের একটি পুত্রসন্তানের জন্ম হয়। তার নাম রাখা হয় মোনতাসির শেখ। সন্তান জন্মের পর মৌ লাখোহাটি গ্রামে বাবার বাড়িতে ছিলেন। গত ২ মার্চ বিকেলে নাহিদুর শ্বশুরবাড়ি বেড়াতে যান। পরের দিন সকালে তিনি ছেলেকে কোলে নিয়ে ঘরের বাইরে বের হন। এরপর কোনো এক ফাঁকে তিনি শিশুটিকে হত্যা করে পাশের বাড়ির পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভেতর মাটিতে পুঁতে রাখেন। পরে ফিরে এসে তিনি স্ত্রীকে বলেন, ছেলেকে বাড়িতে রেখে এসেছেন। এরপর স্ত্রীকে বাড়ি যাওয়ার কথা বলে মোটরসাইকেলে তুলে ঢাকার দিকে রওনা দেন। পরে তিনি স্ত্রীকে বলেন, ছেলেকে ফরিদপুর গেলে পাওয়া যাবে। ফরিদপুরের কাছাকাছি গেলে নাহিদুর অসুস্থ বোধ করলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। একটু সুস্থ হওয়ার পর তিনি সেখান থেকে পালানোর চেষ্টা করেন। এ সময় স্ত্রী চিৎকার করে বলেন, তার স্বামী তাদের ছেলেকে হত্যা করেছে। এরপর  হাসপাতালের নার্স ও কর্মচারীরা তাকে আটক করে পুলিশকে খবর দেন। পরে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ দিঘলিয়া থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দিঘলিয়া থানা পুলিশ নাহিদুলকে আটক করে এবং তার দেওয়া তথ্য অনুযায়ী সেপটিক ট্যাংকের ভেতরে মাটিতে পুঁতে রাখা অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়।