হোমনায় তিন খুনের রহস্য উদঘাটন হয়নি, বিক্ষোভ

কুমিল্লার হোমনায় আলোচিত ট্রিপল মার্ডার ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। দ্রুত হত্যারহস্য উদঘাটন ও খুনিদের আইনের আওতায় আনার দাবিতে গতকাল বুধবার উত্তর মনিপুর গ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি গভীর রাতে দুর্বৃত্তরা প্রবাসী জহিরুল ইসলামের বাড়িতে ঢুকে তার স্ত্রী পাপিয়া আক্তার সুখি (৩২), চার বছরের শিশুপুত্র মোহাম্মদ হোসাইন এবং ভাতিজা জুবায়েরকে (৫) নির্মমভাবে গলা কেটে হত্যা করে। পরদিন সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় হোমনা থানায় একটি হত্যা মামলা করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি পরিলক্ষিত হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।