চাঁদা না পেয়ে খোয়া লুট করলেন কৃষকদল নেতা

গাজীপুরের শ্রীপুরে ঠিকাদারি কাজের সাপ্লাইয়ারের কাজ বাগিয়ে নিতে না পেরে এক জাসাস নেতার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছেন কৃষকদল নেতা। পরে জাসাস নেতা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কৃষকদল নেতা তার লোকজন দিয়ে ইটের খোয়া ও রড ভর্তি ট্রাক লুট করে নেয়। এ ঘটনায় শ্রীপুর থানায় ছয়জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ করা হয়েছে। গতকাল বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর মডেল থানার এসআই অমিতাভ চৌধুরী।

জানা গেছে, খুলনা অঞ্চলের মেসার্স সরকার এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সাফারি পার্কে সীমানাপ্রাচীর নির্মাণের কাজটি করছে। ওই প্রতিষ্ঠানে সাপ্লাইয়ার হিসেবে নির্মাণসামগ্রী সবরাহ করছে জাসাস নেতা হাসিবুল হাসান সরকার হাসেম। অভিযুক্ত কৃষকদল নেতার নাম হুমায়ুন কবির। তিনি শ্রীপুর উপজেলা কৃষকদলের সদস্য সচিব। তিনি মাওনা ইউনিয়নের সাফারি পার্কসংলগ্ন ইন্দ্রপুর গ্রামের আবদুর রহমানের ছেলে। সম্প্রতি কৃষকদল নেতা হুমায়ুন কবির জোর করে ওই কাজের সাপ্লাইয়ার হতে চায়।

এতে জাসাস নেতা হাসিব সরকার রাজি না হলে কৃষকদল নেতা হুমায়ুন কবির তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন।

অভিযোগকারী জাসাসের সদস্য সচিব হাসিবুল হাসান সরকার বলেন, ‘আমি চাঁদা দিতে রাজি না হওয়ায় জোর আমার ট্রাক ভর্তি ইটের খোয়া ও চার টন রড নিয়ে গেছে হুমায়ুন করিব ও তার লোকজন। পরে থানায় অভিযোগ করেছি।’ শ্রীপুর মডেল থানার এসআই অমিতাভ চৌধুরী বলেন, এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

গাজীপুর জেলা কৃষকদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, ‘চাঁদা দাবির অভিযোগ সত্য প্রমাণিত হলে হুমায়ুন কবিরের বিরুদ্ধে দলীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’