গাইবান্ধা জেলা শহরে একটি মোটরসাইকেলের ট্যাংকির ভেতর থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করেছে ট্রাফিক পুলিশ। গতকাল বুধবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ট্রাফিক মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আলতাফ হোসেন। তিনি মুঠোফোনে জানান, গতকাল সকাল থেকেই ট্রাফিক মোড় এলাকায় চেকপোস্টের কার্যক্রম চলছিল। দুপুর সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে দুই যুবক আসছিল। এ সময় তারা চেকপোস্টে পুলিশ দেখে গাড়ির গতি কমিয়ে দেন। পুলিশ তাদের থামাতে গেলে মোটরসাইকেল ফেলে তারা দৌড়ে পালিয়ে যান। পরে পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করে তল্লাশি চালায়। এ সময় মোটরসাইকেলের ট্যাংকির ভেতর থেকে ৯ কেজি গাঁজা জব্দ করা হয়।
গাইবান্ধা সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।