সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে। আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের সমালোচনা করে পদত্যাগের দাবি করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন ফোরামের সাবেক সভাপতি ও জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান। তিনি বলেন, গতকাল এই বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা ইফতার মাহফিলে জামায়াতের এমপিকে আনা হয়েছে। এতেই তাদের অবস্থান ও দলীয় মতাদর্শ চেনা যায়। আমরা অবিলম্বে এই প্রশাসনের পদত্যাগ দাবি করছি।
এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপীপন্থী শিক্ষকদের সংগঠন ইউট্যাবের শাখা সভাপতি অধ্যাপক মামুনুর রশীদ। তিনি বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম পরিচালনা করছে একটি নির্দিষ্ট দলের মতাদর্শের লোকেরা। আমরা এই প্রশাসনের পদত্যাগ দাবি করছি এবং জাতীয়তাবাদী আদর্শের শিক্ষকদের ওইপদে দায়িত্ব দেওয়ার আহ্বান করছি।’
ইফতার অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রাবির অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক রফিকুল ইসলাম। তিনি বলেন, বেগম জিয়া ছিলেন জাতীয়তাবাদী আদর্শের অন্যতম বাহক। তার আদর্শ বাস্তবায়নে আমাদের ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির জন্য নিরলসভাবে কাজ করে যেতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলীম। সাধারণ সম্পাদক অধ্যাপক আমিরুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সাবেক ইউজিসি সদস্য অধ্যাপক ফাইসুল ইসলাম ফারুকী।
এ সময় অনষ্ঠানে নঁওগা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হাসনাত আলী, বগুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কুদরত-ই জাহান, শাখা জিয়া পরিষদ সভাপতি অধ্যাপক ফরিদুল ইসলাম, শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলামসহ তিন শতাধিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী।