রাবিতে মাসব্যাপী ‘আরইউএসসি সেলফ ডেভেলপমেন্ট ক্যাম্প’ শুরু

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পিএম

তথ্যপ্রযুক্তি ও প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের একাডেমিক, পেশাগত এবং ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সায়েন্স ক্লাব (আরইউএসসি) আয়োজন করেছে ‘আরইউএসসি সেলফ ডেভেলপমেন্ট ক্যাম্প-২০২৬’। 

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম বিজ্ঞান ভবনে মাসব্যাপী এই ক্যাম্পের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

ক্লাবের শতাধিক সদস্যের অংশগ্রহণে আয়োজিত এই বিশেষ প্রশিক্ষণ কার্যক্রমে ট্রেইনার ও মেন্টর হিসেবে সেশন পরিচালনা করছেন অভিজ্ঞ ও দায়িত্বশীল সদস্যরা। প্রশিক্ষণ প্যানেলে রয়েছেন রাবি সায়েন্স ক্লাবের সভাপতি খালিদ মাহমুদ, সাধারণ সম্পাদক ইফতিয়ান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হক দিনার, সাংগঠনিক সম্পাদক শাফিন সানইয়ান সাদ এবং প্রচার সম্পাদক শেখ রায়হান।

মাসব্যাপী এই নিবিড় প্রশিক্ষণ কার্যক্রমে অন্তর্ভুক্ত রয়েছে বেসিক রিসার্চ মেথডোলজি, উচ্চশিক্ষা প্রস্তুতি ও দিকনির্দেশনা, প্রফেশনাল সিভি তৈরির কৌশল, মাইক্রোসফট অফিস টুলস (ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট), আইইএলটিএস-এর প্রাথমিক ধারণা, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং এবং পেশাদার লিংকডইন প্রোফাইল গঠনের ওপর পূর্ণাঙ্গ ব্যবহারিক প্রশিক্ষণ। সফলভাবে ক্যাম্প সম্পন্নকারী সকল অংশগ্রহণকারীকে ‘পার্টিসিপেশন সার্টিফিকেট’ প্রদানের পাশাপাশি পুরো সেশনের সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে সেরা ৩ জন অংশগ্রহণকারীকে দেওয়া হবে ‘বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড’। 

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সভাপতি খালিদ মাহমুদ বলেন, বিজ্ঞানচর্চার পাশাপাশি বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত দক্ষতায় স্বয়ংসম্পূর্ণ হওয়া আবশ্যক। এই ক্যাম্পের মাধ্যমে ক্লাবের সদস্যদের গবেষণামুখী মানসিকতা তৈরি, তথ্যপ্রযুক্তির ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি এবং ভবিষ্যতের ক্যারিয়ারের জন্য প্রস্তুত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এর মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা নিজেদের সময়োপযোগী দক্ষতায় সমৃদ্ধ করার বাস্তব রোডম্যাপ পাবেন বলে আমরা আশাবাদী।

সর্বশেষ সর্বাধিক পঠিত