জাবি সাংবাদিক সমিতির সঙ্গে ছাত্রদল সভাপতির সাক্ষাৎ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সাংবাদিক সমিতির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী কেন্দ্রে (টিএসসি) বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ অনুষ্ঠানে রাকিবুল ইসলাম রাকিব বলেন, ক্যাম্পাসের সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম ও শিক্ষার্থীদের সমস্যা-সম্ভাবনা তুলে ধরতে ইতিবাচক ভূমিকা পালন করেন। বর্তমান সময়ে ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে, তা বজায় রাখতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় উভয়পক্ষ ক্যাম্পাসে সুস্থ ও ইতিবাচক পরিবেশ বজায় রাখতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে মতবিনিময় করে।

সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক, জাবি সাংবাদিক সমিতির সভাপতি মেহেদী মামুন, কোষাধ্যক্ষ রাজিব রায়হান, দপ্তর ও প্রকাশনা সম্পাদক মাহ্ আলম, নির্বাহী কমিটির সদস্য রাসেল মাহমুদ, সৈকত ইসলামসহ অন্যান্যরা। 

জাবি শাখা ছাত্রদল আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।