জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কনসার্টে ধূমপান করতে নিষেধ করাকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫৩তম ও ৫২তম আবর্তনের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় বিচার ও নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। অন্যদিকে, হামলার অভিযোগ তুলে পাল্টা অভিযোগ দিয়েছেন অভিযুক্ত শিক্ষার্থীরাও।
৫৩তম আবর্তনের শিক্ষার্থীদের অভিযোগপত্রে বলা হয়, কনসার্ট চলাকালে কয়েকজন শিক্ষার্থী পাশের ছাত্রীদের দিকে ইচ্ছাকৃতভাবে সিগারেটের ধোঁয়া ছুড়ছিলেন। এর প্রতিবাদ জানালে তারা অশোভন আচরণ করেন এবং একপর্যায়ে কলার চেপে ধরেন। এ নিয়ে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি শুরু হলে আয়োজকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, কনসার্ট শেষে বিড়িশিরি বিশ্রাম নেওয়ার সময় অভিযুক্ত শিক্ষার্থীরা আবারও তাদের সঙ্গে কথা বলতে আসেন। একপর্যায়ে কথোপকথনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে কয়েকজন মিলে নিলয়, জিসান ও তাদের সঙ্গে থাকা অন্য শিক্ষার্থীদের ওপর হামলা চালান।
এ সময় নিলয়কে হেলমেট দিয়ে মাথায় আঘাত করা হয় এবং জিসানের বুকে ও গলায় একাধিক ঘুষি মারা হয়। তাদের রক্ষা করতে এগিয়ে গেলে নারী শিক্ষার্থীরাও ধাক্কা ও মারধরের শিকার হন।
পরে আহতদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে নিলয়কে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার মাথায় দুটি সেলাই দিতে হয়েছে। অন্যদিকে, জিসানের শ্বাসকষ্ট দেখা দিলে তাকে অক্সিজেন দেওয়া হয় এবং বুকের এক্স-রে করানো হয়।
এদিকে, ঘটনার পর ২১ নভেম্বর অভিযুক্ত ৫২তম আবর্তনের শিক্ষার্থী দিহান (রসায়ন), জিহাদ (ভূগোল) ও মোয়াদ (বাংলা) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর পাল্টা লিখিত অভিযোগ দেন। তারা ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে অভিযোগপত্রে একই আবর্তনের আবরার (ফিন্যান্স), শামীম (সিএসই) ও সায়েমের (সিএসই) নাম প্রত্যক্ষদর্শী হিসেবে উল্লেখ করেন।
পাল্টা অভিযোগে তাদের দাবি, কনসার্টে সিগারেট খাওয়ার বিষয়ে ৫৩তম আবর্তনের শিক্ষার্থীরা নিষেধ করলে তারা ধূমপান বন্ধ করেন। তবে তাদের ‘উগ্র আচরণের’ কারণে পরিচয় জানতে চাইলে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫৩তম আবর্তনের শিক্ষার্থী জিসান তাদের দিকে তেড়ে এসে কলার চেপে ধরেন এবং ‘তুই-তোকারি’ করেন। এর প্রতিক্রিয়ায় তারাও কলার ধরলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে আয়োজকদের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হয়।
তাদের অভিযোগে আরও বলা হয়, পরবর্তী সময় কনসার্টের বিরতিতে ক্যাফেটেরিয়ার সামনে বিষয়টি সমাধানের জন্য সিঁড়ির ওপরে কথা বলতে ডাকা হয়। সেখানে নিলয় উত্তেজিত হয়ে দিহানকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন। এ সময় জিসান ও তাঁর সঙ্গে থাকা নারী শিক্ষার্থীরা আক্রমণাত্মকভাবে এগিয়ে এসে জিহাদ ও মোয়াদের ওপর অতর্কিত হামলা চালান এবং তাঁদের গুরুতর আহত করেন বলে অভিযোগ করা হয়েছে। পাল্টাপাল্টি আক্রমণ ও হাতাহাতির একপর্যায়ে সিঁড়ি থেকে পড়ে একজন আহত হন বলেও তাঁরা দাবি করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হালিম বলেন, শনিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠনের চেষ্টা করা হবে। তদন্তের ভিত্তিতে সুষ্ঠু সমাধানের উদ্যোগ নেওয়া হবে এবং তদন্তে যারা দোষী প্রমাণিত হবেন, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।