ছাত্রলীগের লকডাউন ঘিরে জাবির প্রবেশপথে ছাত্রদলের পাহারা

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১১:৫২ এএম

নিষিদ্ধ ছাত্রলীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিভিন্ন প্রবেশপথে রাতভর পাহারা দিয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (১৮ নভেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের এমএইচ গেট, ডেইরি গেট, প্রান্তিক গেট ও বিশমাইল গেটসহ বিভিন্ন প্রবেশপথে অবস্থান নিয়ে সতর্ক পাহারা দেন তারা।

শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে গতকাল থেকেই ছাত্রদলের নেতাকর্মীরা সোচ্চার রয়েছেন। তাদের যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিহত করতে ছাত্রদল প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের এক ইঞ্চি মাটিও পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসর ছাত্রলীগ, যুবলীগ ও তাদের সহযোগীদের ছেড়ে দেওয়া হবে না।

বাবর আরও বলেন, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে ছাত্রদলের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত