চলমান বিশ্বকাপে ভারতকে নিয়ে পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের একের পর এক নেতিবাচক ভবিষ্যদ্বাণী এবারও ব্যর্থ হয়েছে। তবে নিজের করা ভবিষ্যৎবাণী মেলেনি তাতে কী, আমির দমে যাওয়ার পাত্র নন। এবার ভারতের জয়ের চেয়ে ইংল্যান্ডের ক্যাচ মিস করাকেই পরাজয়ের মূল কারণ হিসেবে সামনে আনছেন তিনি।
এবারের টুর্নামেন্টে ভারতকে নিয়ে মোট তিনবার ভবিষ্যৎবাণী করেছিলেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি পেসার। সুপার এইট চলাকালীন পাকিস্তানের জনপ্রিয় টিভি শো ‘হার না মানা হ্যায়’-তে তিনি জোর গলায় বলেছিলেন, ভারত সেমিফাইনালে পা রাখতে পারবে না। তার মতে, ওই গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজই ছিল শেষ চারের দাবিদার।
তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে যখন ভারত সেমিতে জায়গা করে নিল, তখন আমির নতুন যুক্তি দাঁড় করান। তিনি দাবি করেন, সাঞ্জু স্যামসনের একক নৈপুণ্যে ভারত কোনোমতে উতরে গেলেও ফাইনালে ওঠার ক্ষমতা তাদের নেই।
সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে জয় ছিনিয়ে নিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে নাম লেখায় টিম ইন্ডিয়া। আমিরের সব অনুমান ভুল প্রমাণ করে ভারত যখন শিরোপার দ্বারপ্রান্তে, তখন নেটিজেনদের আগ্রহ ছিল—এবার তিনি কী বলবেন?
প্রতিক্রিয়ায় আমির অনেকটা কৌশলী অবস্থান নিয়েছেন। তিনি সরাসরি ভারতকে কৃতিত্ব দেওয়ার চেয়ে ইংল্যান্ডের ক্যাচ মিস করাকেই বড় করে দেখছেন। তার ভাষ্যমতে, ইংল্যান্ড যদি গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচগুলো না ছাড়ত, তবে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত।, “আমি সবসময় ক্রিকেটীয় যুক্তি দিয়ে কথা বলি। এই ম্যাচে ভারত বেশ গোছানো ক্রিকেট খেলেছে। পুরো টুর্নামেন্টের মধ্যে এটি ছিল তাদের একটি পরিপূর্ণ পারফরম্যান্স। যেখানে কৃতিত্ব দেওয়া প্রয়োজন, সেখানে তা দিতেই হবে।”
“আমার ভবিষ্যদ্বাণী খুবই ভালো ছিল। কিন্তু ক্যাচ ছেড়ে দিলে আমি কী করব, এটা তো আমাদের হাতে নেই। এমন ফর্মে থাকা ব্যাটারের ক্যাচ ছেড়ে দিলে এরকম খেসারতই দিতে হয়।”
আমির আঙুল তুললেন সাঞ্জু স্যামসরে জীবন পাওয়ার দিকে। ১৫ রানে সহজ এক ক্যাচ দিয়েছিলেন তিনি, মিড অনে সেটি মুঠোয় জমাতে পারেননি ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। সেই স্যামসন ৪২ বলে ৮৯ রানের ইনিংস খেলে ভারতকে এগিয়ে নেন বড় স্কোরের পথে।
২৫৪ রানের লক্ষ্যে ছুটেও অবিশ্বাস্য এক জয়ের সম্ভাবনা জাগিয়েছিল ইংল্যান্ড। শেষ পর্যন্ত তারা থমকে যায় ২৪৬ রানে। শেষ দিকে বোলিংয়ে এসে অসাধারণ এক ওভারে মাত্র ৬ রান দেন জাসপ্রিত বুমরাহ, ম্যাচের প্রেক্ষাপটে যা হয়ে ওঠে মহামূল্য। ওভারপ্রতি সাড়ে ১২ রান করে উঠেছে যে ম্যাচে, সেখানে বুমরাহ দিয়েছেন ওভারপ্রতি মাত্র ৮.২৫ রান।
বুমরার বোলিংয়ের কথাও বললেন আমির। তবে তার আক্ষেপ ওই ক্যাচ হাতছাড়া করা নিয়েই, “দুই দলের মধ্যে একমাত্র ব্যবধান ছিল বুমরাহ। তবে হ্যারি ব্রুক যদি স্যামসনের ক্যাচটি নিতে পারত, এক ওভার বাকি থাকতেই ইংল্যান্ড ম্যাচ জিতে নিত।”