গানের কথায় যৌন ইঙ্গিত, বাদশার বিরুদ্ধে মামলা

এবার স্কুল ছাত্রীদের অশ্লীল্ভাবে নাচানোর অভিযোগে মামলা থেলেন ভারতীয় র‍্যাপার বাদশা। সদ্য মুক্তি পাওয়া বাদশার গান ‘টাটিরি’ গানটি শুরু থেকেই  সমালোচনার সৃষ্টি হয়। গানটির কথা ও দৃশ্যায়ণে নারীদের আপত্তিকরভাবে তুলে ধরার অভিযোগ ওঠে। এই গান নিয়ে বিতর্কের জেরে তার বিরুদ্ধে পানিপথ ও পঞ্চকুলা পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। গানের কথায় যৌন ইঙ্গিত ও স্কুলছাত্রীদের ব্যবহারের ধরন নিয়ে আপত্তি তুলেছে হরিয়ানা মহিলা কমিশন।

 ভিডিওতে দেখা যায়, একদল ছাত্রী কাঁধ থেকে স্কুলের ব্যাগ নামিয়ে নাচ শুরু করছে। এই দৃশ্যটি ঘিরেই মূল আপত্তির সৃষ্টি হয়েছে। অভিযোগকারীদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানের পোশাক পরে এমন নাচ ছোট শিক্ষার্থীদের কাছে ভুল বার্তা পাঠাবে। 

হরিয়ানা মহিলা কমিশনের সভাপতি রেনু ভাটিয়া এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, বাদশার এই নতুন গানে ব্যবহৃত শব্দগুলো অত্যন্ত আপত্তিকর এবং এতে স্পষ্ট যৌন ইঙ্গিত রয়েছে। তার মতে, এই ধরনের গান তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক সামাজিক প্রভাব ফেলে। কমিশনের পক্ষ থেকে পানিপথ পুলিশে গায়কের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। 

মহিলা কমিশন ছাড়াও পঞ্চকুলার অভয় চৌধুরী নামে এক ব্যক্তি বাদশার বিরুদ্ধে পৃথক অভিযোগ দায়ের করেছেন। তার দাবি, ভিডিওতে স্কুলছাত্রীদের উপস্থাপনা কুরুচিপূর্ণ। এই অভিযোগের ভিত্তিতে গায়কের নামে একাধিক ধারায় এফআইআর করা হয়েছে। জানা গেছে, আগামী ১৬ মার্চ এই মামলার প্রথম শুনানি অনুষ্ঠিত হবে।