৩২ নম্বরে ফুল দিতে আসা ৪ জন গ্রেপ্তার

৭ মার্চ উপলক্ষে আজ শনিবার (৭ মার্চ) ধানমন্ডির ৩২ নম্বরে যাওয়ার পথে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হাতে ফুল নিয়ে মিছিল করতে করতে বঙ্গবন্ধুর বাসভবনে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৬টার দিকে স্কয়ার হাসপাতালের বিপরীতের সড়ক থেকে তাদের আটক করা হয়।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বলেন, মিছিলে ১০-১৫ জন ছিলেন। তাদের হাতে ছিল ফুলের মালা। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় চারজনকে আটক করা হয়। গ্রেপ্তার তিনজন নারী ও একজন পুরুষ।

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। অভ্যুত্থানের সাত মাস পর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাসভবনটি ভেঙে ফেলা হয়।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার ৭ মার্চসহ মোট ৮টি জাতীয় দিবস বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল।