সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনাটি অটোরিকশা রাখা নিয়ে বিরোধের জেরে ঘটেছে। নিহত পুলিশ কর্মকর্তা হামলাকারীদের কোনো পূর্বনির্ধারিত টার্গেট ছিলেন না বলে জানিয়েছেন র্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ানবাজার মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
র্যাব কর্মকর্তা জানান, সিভিল পোশাকে থাকা এসআই আলতাফ হোসেন স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কর্মরত ছিলেন এবং হামলাকারীরা তা জানত না। মূলত এক বৃদ্ধ মানুষকে যখন হামলাকারীরা মারধর করছিল, তখন একজন সচেতন নাগরিক ও পুলিশ সদস্য হিসেবে দায়িত্ববোধ থেকে আলতাফ হোসেন তা প্রতিহত করতে যান। এর জের ধরেই তার ওপর চড়াও হয় দুর্বৃত্তরা। এই নৃশংস হত্যাকাণ্ডটি ছিল একটি বিচ্ছিন্ন ঘটনা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ ঘটনায় এখন পর্যন্ত এজাহারভুক্ত ১৫ আসামির মধ্যে মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে র্যাব-১০ চারজনকে এবং র্যাব-৪ আরও চারজনকে গ্রেপ্তার করেছে। রবিবার রাতে মুন্সিগঞ্জ লঞ্চঘাট এলাকা থেকে আলাউদ্দিন, আপন, জিহাদ ও ইমরানকে গ্রেপ্তার করে র্যাব-১০। অন্যদিকে আমিনবাজার এলাকা থেকে নূর মোহাম্মদ রুদ্র, রাকিব মিয়া, ছাব্বির আহম্মেদ ও ওয়াসিমকে গ্রেপ্তার করে র্যাব-৪। এর আগে মামলার মূল হোতা প্রাইভেট কারচালক জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছিল পুলিশ। বাকী আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গত ৫ সেপ্টেম্বর রাতে সাভারের আমিনবাজারের বড়দেশী মদিনা সিটি এলাকার একটি গেঞ্জি কারখানায় ঢুকে এসআই আলতাফ হোসেন ও তার ছেলে আরিফুল ইসলামকে নির্মমভাবে পিটিয়ে আহত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন। তার ছেলে আরিফুল ইসলাম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহত পুলিশ কর্মকর্তার স্ত্রী শিউলি বেগম বাদী হয়ে সাভার মডেল থানায় ১৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই ছায়া তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং একের পর এক আসামিদের আইনের আওতায় আনা হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন ও জড়িত সবাইকে দ্রুত বিচারের মুখোমুখি করতে র্যাব ও পুলিশ যৌথভাবে কাজ করছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সাভারে এসআই আলতাফ হ*ত্যা মামলার আসামি মুন্সীগঞ্জ থেকে গ্রেপ্তার
সাভারের গোয়েন্দা পুলিশ পিটিয়ে হত্যার ঘটনায় আটক ১