নড়াইলের লোহাগড়া উপজেলার বাঁকা গ্রামে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুই নারী ও ইউপি সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও আহতদের স্বজনরা জানান, বাঁকা গ্রামের ইউপি সদস্য জিরু কাজী গ্রুপের সঙ্গে আক্তার হোসেন গ্রুপের দীর্ঘদিন আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে বিরোধ চলে আসছিল। গত শুক্রবার দুপুরে একটি শ্যালো মেশিনের পাম্প চুরির ঘটনা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। ওই ঘটনার জের ধরে গতকাল সকালে দুপক্ষ ঢাল, সড়কি, রামদা, ইটপাটকেল, লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রাদি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে দুজন নারী, ইউপি সদস্য জিরু কাজীসহ অন্তত ১৫ জন আহত হয়। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নড়াইল জেলা হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ আব্দুর রহমান জানান, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।