নারী দিবসে নারী প্রশিক্ষককে লাঞ্ছনা, উপ-পরিচালকের প্রত্যাহার দাবি

আন্তর্জাতিক নারী দিবসে নারী প্রশিক্ষককে লাঞ্ছনার অভিযোগে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। অভিযুক্ত মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক এ কে এম ওয়াহিদুজ্জামানের বিচার ও তাকে প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সোমবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে নির্যাতিত নারী সমাজ এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এতে জেলার পাঁচ উপজেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ভুক্তভোগী নারী প্রশিক্ষক লুনা বেগমসহ বিভিন্ন নারী প্রশিক্ষণার্থী অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী নারী লুনা বেগম, হিসাবরক্ষক সিলভিয়া নাসরিন, উপজেলা পর্যায়ের কর্মকর্তারা এবং নারী প্রশিক্ষণার্থীরা। বক্তারা অভিযোগ করে বলেন, আন্তর্জাতিক নারী দিবসের কর্মসূচি চলাকালে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক এ কে এম ওয়াহিদুজ্জামান নারী প্রশিক্ষক লুনা বেগমকে লাঞ্ছিত করেন। এ ছাড়া তিনি দীর্ঘদিন ধরে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অশালীন আচরণ করে আসছেন, যা সরকারি চাকরি বিধিমালার পরিপন্থী।

বক্তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অভিযুক্ত উপ-পরিচালকের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাকে প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে দাবি বাস্তবায়ন না হলে কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি গ্রহণ করবেন বলেও হুঁশিয়ারি দেন।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।