টি–টোয়েন্টি বিশ্বকাপ শেষে ভারত ছাড়তে না পেরে বিপাকে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল। এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কড়া সমালোচনা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।
তিনি অভিযোগ করেন, কিছু দলের ক্ষেত্রে দ্রুত দেশে ফেরার ব্যবস্থা করা হলেও অন্য দলগুলোকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ভন বলেন, ইংল্যান্ড দল বিশ্বকাপ থেকে বিদায়ের মাত্র ৩৬ ঘণ্টার মধ্যেই দেশে ফিরতে পেরেছে। অথচ ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার দল এখনো ভারতে আটকে আছে।
টি–টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ সুপার এইট পর্বে ভারত-এর কাছে হেরে ১ মার্চ টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। অন্যদিকে ৪ মার্চ সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নেয় দক্ষিণ আফ্রিকা। কিন্তু পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক আকাশপথে বিধিনিষেধ জারি হওয়ায় এই দুই দল কয়েকদিন ধরে ভারতের কলকাতা শহরে অবস্থান করছে।
মাইকেল ভন সামাজিক মাধ্যমে লেখেন, “ওয়েস্ট ইন্ডিজ ১ মার্চ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। এখন ৯ মার্চ, তারা এখনো কলকাতায় আটকে আছে। দক্ষিণ আফ্রিকাও একই অবস্থায়। এটা ঠিক নয়। ইংল্যান্ড ৩৬ ঘণ্টার মধ্যেই চার্টার ফ্লাইটে দেশে ফিরেছে—সব দলের ক্ষেত্রেই একই ব্যবস্থা থাকা উচিত।”
জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার দল আজ মঙ্গলবার একটি যৌথ চার্টার ফ্লাইটে কলকাতা থেকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের উদ্দেশে রওনা হবে। সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজ দল নিজ দেশে ফিরে যাবে।
বর্তমানে ভারতে ওয়েস্ট ইন্ডিজ দলের ১২ জন খেলোয়াড় ও ১০ জন সাপোর্ট স্টাফ রয়েছেন। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার ১২ জন খেলোয়াড় ও দুইজন সাপোর্ট স্টাফ এখনো দেশে ফেরার অপেক্ষায় আছেন। এদিকে দক্ষিণ আফ্রিকার তিন ক্রিকেটার—কেশব মহারাজ, জর্জ লিন্ডে ও জেসন স্মিথ—ইতিমধ্যে নিউজিল্যান্ড সফরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সেখানে দুই দলের মধ্যে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৫ মার্চ থেকে।
এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচ ড্যারেন স্যামি আলাদা রুটে সিঙ্গাপুর হয়ে দেশে ফেরার পরিকল্পনা করছেন বলেও জানা গেছে।