পটুয়াখালী

স্বেচ্ছাসেবক দল নেতার ইয়াবা সেবন, ১ মাসের কারাদণ্ড

ইয়াবা সেবনের অপরাধে পটুয়াখালী জেলার বালিয়াতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুরাদ হোসেনকে (৩৬) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালতের অভিযানে সোমবার দিবাগত রাতে বাইশাখলা ব্রিজের ওপর থেকে তাকে আটক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক এই অভিযানের নেতৃত্ব দেন। 

তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ইয়াবা সেবনের অপরাধে মুরাদ হোসেনকে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালীর একটা টিম সহযোগিতা করেন।

উল্লেখ্য, গত ২০২৫ সালের ২৮ ডিসেম্বর অভিযুক্ত মুরাদ হোসেনকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পদে অন্তর্ভুক্ত করা হয়। কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি তখন নিশ্চিত করা হয়।