টার্মিনালে কঠোর হচ্ছে ডিএসসিসি

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘœ করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ-সংক্রান্ত জরুরি সভা গতকাল মঙ্গলবার ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালামের সভাপতিত্বে নগর ভবনে অনুষ্ঠিত হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী যাত্রীদের ভোগান্তি নিরসন এবং যানজটমুক্ত সড়ক নিশ্চিত করতে ডিএসসিসির পক্ষ থেকে টার্মিনাল ব্যবস্থাপনা আধুনিকায়ন, অবৈধ কাউন্টার উচ্ছেদ এবং অবকাঠামোগত উন্নয়নে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে। সমন্বিত এ সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা সড়ক পরিবহন বাস মালিক সমিতি, সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল পরিবহন মালিক সমিতি ও সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল পরিবহন শ্রমিক কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালসহ এর আশপাশের এলাকার যানজট নিরসনে সায়েদাবাদ ব্রিজের ঢাল হতে টিটিপাড়া পর্যন্ত সড়কের পাশে সবল অবৈধ টিকিট কাউন্টার সময় নির্ধারণপূর্বক নোটিস প্রদান করে অপসারণ করা হবে। এ ছাড়া টার্মিনালের অভ্যন্তরে থাকা সব অবৈধ দোকান উচ্ছেদে দ্রুত অভিযান পরিচালনা করা হবে।

টার্মিনাল অভ্যন্তরে প্রকৃত বাস কোম্পানিগুলোর অনুকূলে সুনির্দিষ্ট নীতিমালার আলোকে টিকিট কাউন্টার বরাদ্দ দেওয়া হবে। বাস মালিক সমিতি, ডিএসসিসি ও পুলিশের ট্রাফিক সমন্বিতভাবে কাউন্টার বরাদ্দে কাজ করবে। বাসগুলোকে ডিপো হিসেবে টার্মিনাল ব্যবহার না করে নির্ধারিত পাঁচটি বাস-বে ব্যবহার করতে হবে। যাত্রী ওঠানোর জন্য বাসগুলো মাত্র ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করতে পারবে। যাত্রীদের সুবিধার্থে টার্মিনালে নতুন তথ্য কেন্দ্র এবং মাতৃদুগ্ধ পান করানোর কক্ষ স্থাপন করা হবে। ঈদযাত্রার আগে টার্মিনালের অসমাপ্ত সংস্কারকাজ, শৌচাগার মেরামত এবং জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।