আমি ষড়যন্ত্রের শিকার : হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলা থেকে জামিন পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। বুধবার (১১ মার্চ) বিকেলে জামিন পান তিনি। জামিন পেয়ে হিরো আলমের দাবি, তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তিনি বলেন, আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে আটক করে রাখার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তারা পারেনি। আজকে আমি জামিন পেয়েছি। 

এ প্রসঙ্গে শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে পুরো বিষয়টি তুলে ধরবেন জানিয়ে হিরো আলম বলেন, ‘আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় ঢাকায় আমার অফিসে সংবাদ সম্মেলন করব। সেখানে পুরো বিষয়টি সাংবাদিকদের সামনে তুলে ধরব।’ 

গত ১৯ ফেব্রুয়ারি দুপুরে বগুড়া শহরের শাজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ১০ ফেব্রুয়ারি দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আনোয়ারুল হক মামলাটির শুনানি শেষে হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। 

মামলার এজাহার থেকে জানা যায়, ‘নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে’ সাদিয়া রহমান মিথিলাকে একাধিকবার ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন হিরো আলম। পাশাপাশি তাকে জোরপূর্বক গর্ভপাতেও বাধ্য করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী মিথিলা গত বছরের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে বগুড়ার আদালতে মামলা করেন। তদন্ত শেষে পিবিআই প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানায়। 

আদালত অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। এরপর গত ১৯ ফেব্রুয়ারি হিরো আলমকে গ্রেফতার করা হয়েছিল।