'নেইমার' হয়ে বেঁচে থাকাটা সত্যিই খুব জটিল

আপডেট : ১১ মার্চ ২০২৬, ০৬:১০ পিএম

আগামী সোমবার ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে হাই-ভোল্টেজ প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করবে ব্রাজিল। তার আগে খেলোয়াড়দের বর্তমান অবস্থা পরখ করতে ব্যস্ত সময় পার করছেন সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি। গত মঙ্গলবার ব্রাজিলের ঘরোয়া লিগের মিরাসোল বনাম সান্তোস ম্যাচে গ্যালারিতে আনচেলত্তির উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে যখন সবার নজর ছিল দীর্ঘ দুই বছর পর নেইমারের জাতীয় দলে ফেরার ওপর।

ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের পঞ্চম রাউন্ডের এই ম্যাচে সান্তোস তারকা নেইমারকে পরখ করতেই মাঠে এসেছিলেন ‘বিগ কার্লো’। কিন্তু ভক্তদের হতাশ করে শেষ মুহূর্তে পেশির ক্লান্তির কারণে মাঠে নামতে পারেননি নেইমার। তবে তারকা ফুটবলার অনুপস্থিত থাকলেও আনচেলত্তি তার পর্যবেক্ষণ থামাননি। কিকঅফের ২০ মিনিট আগে স্টেডিয়ামে পৌঁছে ভিআইপি বক্সে বসে পুরো ম্যাচটি দেখেন তিনি।

রদ্রিগো এবং এস্তেভাও ইনজুরির কারণে মাঠের বাইরে থাকায় নেইমারের ফেরার সম্ভাবনা এখন আরও জোরালো। ধারণা করা হচ্ছে, আগামী সোমবার রিও ডি জেনিরোতে ঘোষিতব্য ২৬ সদস্যের প্রাথমিক তালিকায় তার নাম থাকতে পারে। তবে তার আগে আগামী রবিবার কোরিন্থিয়ান্সের বিপক্ষে সান্তোসের ম্যাচে নেইমার মাঠে নামেন কি না, সেটাই এখন দেখার বিষয়।

নীরবতা ভেঙে নেইমারের বিস্ফোরক মন্তব্য

মাঠে নামতে না পারা এবং ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা নানা বিতর্কের মুখে অবশেষে নীরবতা ভেঙেছেন নেইমার। ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় তিনি নিজের ওপর আসা মানসিক চাপ এবং ক্রমাগত সমালোচনার কড়া জবাব দিয়েছেন।

নিজের বর্তমান অবস্থা নিয়ে তিনি বলেন: "শুনুন... আমাকে নিয়ে যারা নানা রকম মনগড়া গল্প বানিয়ে চলেছেন, তাদের উদ্দেশ্যে বলছি—আসল সত্য হলো, তেমন কিছুই ঘটেনি। সমস্যাটা হচ্ছে, আমি যা-ই করি না কেন, আমাকে সমালোচনার মুখে পড়তে হয়। আমি যদি গত বছরের মতো ইনজুরি নিয়ে খেলি, তবে বলা হয় আমি ভুল করছি। আবার যদি নিজের স্বাস্থ্যের কথা ভেবে সতর্ক থাকি, তখনও আমি ভুল। ব্যথার মধ্যে ঝুঁকি নিয়ে খেললেও আমি দোষী। আসলে সবাইকে খুশি করাটা ভীষণ কঠিন কাজ।"

ব্যক্তিগত চাপ ও চারপাশের মানুষের আচরণ নিয়ে আক্ষেপ ঝরে পড়ে নেইমারের কণ্ঠে। তিনি আরও যোগ করেন: "সবচেয়ে অবাক লাগে তাদের দেখে, যারা প্রতিদিন আমার পাশে থাকার অভিনয় করে অথচ সুযোগ পেলেই আমাকে নিয়ে এমন সব গল্প রটায় যেন সেগুলোই পরম সত্য। 'নেইমার' হয়ে বেঁচে থাকাটা সত্যিই খুব জটিল। এসব সহ্য করার জন্য আমাকে অনেক ধৈর্য আর সাহস সঞ্চয় করে চলতে হয়।"

আনচেলত্তির অধীনে নতুন শুরুর অপেক্ষায় থাকা ব্রাজিল দল আগামী ২৬ মার্চ বোস্টনে ফ্রান্সের মুখোমুখি হবে। এরপর ৩১ মার্চ অরল্যান্ডোতে তারা লড়বে ক্রোয়েশিয়ার বিপক্ষে। নেইমার কি পারবেন সব সমালোচনা পেছনে ফেলে আবারও হলুদ জার্সিতে মাঠ মাতাতে? উত্তর মিলবে আগামী সোমবারের দল ঘোষণার মাধ্যমেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত