সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক আ ক ম জামাল উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে নিষিদ্ধ ঘোষিত কার্যক্রমের অপরাধে তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
গতকাল বুধবার গুলিস্তান স্টেডিয়াম এলাকার সামনে থেকে অধ্যাপক জামালকে গ্রেপ্তার করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন পল্টন মডেল থানার ওসি মোস্তফা কামাল খান। তিনি বলেন, অধ্যাপক জামাল উদ্দীনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
জানা গেছে, সকালে গুলিস্তান স্টেডিয়ামের সামনে থেকে ঢাকা-টুঙ্গিপাড়া ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা ২০২৬’ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন অধ্যাপক জামাল। এ ঘোষণার কারণেই তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি ফেসবুকে ‘গণকান্নার’ কর্মসূচি ঘোষণা দিয়ে ধানম-ি ৩২ নম্বরে গেলে মারধরের শিকার হন ঢাবির এ শিক্ষক। পরে পুলিশ তাকে উদ্ধার করে।