একটি কার্যকর সংসদের মাধ্যমে জনগণের আশা-আকাক্সক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে সরকারদলীয় সংসদীয় কমিটির প্রথম সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। সভায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের মন্ত্রী ও দলীয় সংসদ সদস্যদের চলনবলন এবং কথা বলার ক্ষেত্রে মার্জিত ও সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।
সভা শেষে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি সাংবাদিকদের বলেন, ‘সরকার একটি কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়ে তুলতে চান।’ পরে সংসদের এলডি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চিফ হুইপ জানিয়েছেন, সভায় ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদে প্রার্থী চূড়ান্ত করার ভার সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ছেড়ে দিয়েছে বিএনপির সংসদীয় দল। বেলা সোয়া ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে সভা।
কথা বলায় সতর্ক ও সংযত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর : এর আগে সকালে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় সভাপতিত্বকালে সভায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের মন্ত্রী ও দলীয় সংসদ সদস্যদের চলনবলন এবং কথা বলার ক্ষেত্রে মার্জিত ও সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন। বিশেষ করে নিজ নিজ দপ্তরের দায়িত্বের বাইরে গণমাধ্যমে কোনো ধরনের মন্তব্য না করতে কঠোর নির্দেশনা দেন।
এতে স্বাগত বক্তব্য দেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বক্তব্য দেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সভায় প্রধানমন্ত্রী মন্ত্রিসভার তরুণ সদস্যদের সময়ানুবর্তী হয়ে সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত হওয়া এবং জ্যেষ্ঠ নেতাদের সম্মান দিয়ে আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশনা দেন। এ ছাড়া যাতায়াতের সময় সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তিনি ‘নিজেও আইন মেনে চলেন’ বলে উল্লেখ করেন।
‘ফ্যামিলি কার্ড’ নিয়ে তারেক রহমান বলেন, ‘আমাদের ফ্যামিলি কার্ড নিয়ে অনেকে অনেক কথা বলেছে। কিন্তু ভোটের আঙুলের কালির দাগ মোছার আগেই আমরা নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি। এটাই বিএনপি। মানুষ এমন বিএনপিকেই দেখতে চায়।’
দ্রুততম সময়ে ফ্যামিলি কার্ড ও দেশব্যাপী খাল খনন কর্মসূচি চালুর ঘোষণা দেন তিনি। পাশাপাশি আসন্ন ডেঙ্গু মৌসুম মোকাবিলায় দেশ জুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ দেন।
বিশ্ব অর্থনীতিতে যুদ্ধের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য পরিস্থিতি, বিশেষ করে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা বিশ্ব অর্থনীতিতে চাপ তৈরি করছে। এ পরিস্থিতি মোকাবিলায় দৈনন্দিন জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে সবাইকে কৃচ্ছ্রসাধনের (মিতব্যয়ী হওয়া) আহ্বান জানান তিনি।
জুলাই জাতীয় সনদে যা কিছু আমরা সম্মত হয়েছি, তার সবকিছুই ধারণ করব’ : স্বরাষ্ট্রমন্ত্রী
সংসদীয় দলের সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘জুলাই জাতীয় সনদে যা কিছু আমরা সম্মত হয়েছি, তার সবকিছুই ধারণ করব। শহীদদের আকাক্সক্ষা পূরণ ও জনসাধারণের প্রত্যাশা নিয়ে আমরা সংসদে কথা বলব।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার শুরু হবে, রাষ্ট্রপতি সংসদীয় বিধি মোতাবেক স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করাবেন। এরপর অধিবেশন বসবে, সেই অধিবেশনে প্রথমে সভাপতিম-লীর প্যানেল ঘোষণা করা হবে। এরপর শোক প্রস্তাব আসবে এবং এর ওপর আলোচনা হবে।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ অধিবেশন চলাকালে সংসদে আইনমন্ত্রী উপস্থাপন করবেন। কার্যউপদেষ্টা কমিটিসহ বেশ কয়েকটি সংসদীয় কমিটিও গঠন করা হবে। প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কথা রয়েছে। কার্যউপদেষ্টা কমিটির বৈঠক পরদিন অনুষ্ঠিত হবে এবং ১৫ মার্চ অধিবেশন আরও এক দিন চলার পর বিরতি হতে পারে।’