হিলিতে দেশি পোশাক বিদেশি বলে বিক্রি, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে দেশি পোশাককে ভারতীয় পোশাক বলে বিক্রির দায়ে ৩টি পোশাকের দোকানকে ৩০হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে দুটি বেকারীকে ১৪ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। 

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১২টা থেকে বিকেল আড়াইটা পর্যন্ত থানা পুলিশের সহায়তায় হিলি স্থলবন্দরের চারমাথা মোড় ও চন্ডিপুর এলাকায় দুটি বেকারী এবং হিলি বাজারে ৩টি কাপড়ের দোকানে অভিযান চালিয়ে তাদের এই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুরের সহকারি পরিচালক বোরহান উদ্দিন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুরের সহকারি পরিচালক বোরহান উদ্দিন জানান, মহাপরিচালক স্যারের নির্দেশনা অনুযায়ী আজকে আমরা হিলিতে অভিযান পরিচালনা করেছি। এসময় দুটি বেকারিতে অভিযান পরিচালনা করেছি। সেখানে আমরা অস্বাস্থ্যকর পরিবেশ, ইন্ডাস্ট্রিয়াল সল্ট ব্যবহার ও অ্যামোনিয়াম সালফেট ব্যবহারের অপরাধে পাবনা বেকারীকে ৬ হাজার টাকা ও হিলি বেকারীকে ৮ হাজার টাকাজরিমানা করেছি। 

তিনি বলেন, আমরা হিলি বাজারে কাপড়ের দোকানে অভিযান পরিচালনা করে দেশি পোশাককে বিদেশি বলে বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা করেছি। 

জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।