৬ বছর পর চালু চীন-উ. কোরিয়া ট্রেন সেবা

চীন সফরে গেলে উড়োজাহাজ নয়, বরং ব্যক্তিগত ট্রেনে চেপে যেতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। আকাশপথের চেয়ে রেলপথকে তিনি বেশি ‘সুরক্ষিত’ মনে করেন। এখন একই কায়দায় দুই দেশের সাধারণ জনগণও ট্রেনে যাতায়াতের সুযোগ পেতে যাচ্ছেন। ছয় বছর বন্ধ থাকার পর গতকাল বৃহস্পতিবার উত্তর কোরিয়া ও চীনের মধ্যে রেল যোগাযোগ আবারও চালু হয়েছে। করোনাভাইরাস মহামারীর সময় এই সেবাটি বন্ধ করা হয়েছিল।

উত্তর কোরিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। দেশটি পিয়ংইয়ংয়ের কূটনীতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সমর্থনের গুরুত্বপূর্ণ উৎস। তবে ২০২০ সালে করোনাভাইরাস সংক্রমণ ঠেকানোর নানা উদ্যোগের অন্যতম ছিল যাত্রীবাহী ট্রেন সেবা বন্ধ করা।

চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম শিনহুয়া জানায়, উত্তর কোরিয়া-চীন সীমান্তে অবস্থিত ড্যানডং শহর থেকে প্রথম ট্রেনটি গতকাল সকালে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের উদ্দেশে রওনা হয়েছে।

প্রতিবেদনে চীনের রেল দপ্তরের কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়, ট্রেন সেবা নতুন করে চালু হওয়ায় উভয় দেশের যাত্রীরা উপকৃত হবে। পাশাপাশি এটা ‘দুই দেশের বন্ধুত্বকে আরও শক্তিশালী’ করতে সহায়তা করবে।

পৃথক বিবৃতিতে চায়না রেলওয়ে জানিয়েছে, গতকাল সন্ধ্যা থেকে বেইজিং-পিয়ংইয়ংয়ের মধ্যে নিয়মিত রেলসেবা চালু হওয়ার কথা।