মুন্সীগঞ্জের লৌহজংয়ে হতদরিদ্র ২০ ব্যক্তিকে অটোরিকশা উপহার দিয়েছে বাংলাদেশ শান্তি সংঘ। আজ শুক্রবার (১৩ মার্চ) সকালে উপজেলার বৌলতলী ইউনিয়নে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে হতদরিদ্রের মাঝে অটোরিকশা উপহার দেওয়া হয়। ইউনিয়নের ইয়াছিন শেখের বসতবাড়িতে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব অটোরিকশার বিতরণ করা হয়।
সদরঘাট বস্ত্র ব্যবসায়ী সমিতির উপদেষ্টা করিম শেখের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সুমন মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শান্তি সংঘের সভাপতি ইয়াসিন শেখ। আরও উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আওলাদ হোসেন, শাহীন শেখ, ইমন মৃধা, ফয়সাল তালুকদার, ইস্রাফিল শেখ, জাকারিয়া, রাফি প্রমুখ।
বাংলাদেশ শান্তি সংঘের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক তাজুল ইসলাম রাকিব বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও কর্মহীন মানুষদের স্বাবলম্বী করে তুলতে বাংলাদেশ শান্তি সংঘ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই অটোরিকশা বিতরণ করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, অটোরিকশা পেয়ে উপকারভোগীরা নিজেরা উপার্জন করে পরিবারকে সহায়তা করতে পারবেন।
অটোরিকশা পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং বাংলাদেশ শান্তি সংঘের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, এই সহায়তার মাধ্যমে তাদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।