মেজর (অব.) হাফিজ স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে ভোলার লালমোহনের স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। শুক্রবার (১৩মার্চ) সন্ধ্যায় লালমোহন উপজেলা সদরে এ আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। 

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে স্থানীয় নেতারা বলেন, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ দীর্ঘদিন ধরে ভোলার মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তার মতো অভিজ্ঞ ও দেশপ্রেমিক একজন রাজনীতিবিদ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় ভোলাবাসী গর্বিত। এ সময় বক্তারা আরও বলেন, স্বাধীনতার পর এই প্রথম ভোলা জেলার কোনো রাজনীতিবিদ জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পাওয়ায় পুরো জেলায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তার নেতৃত্বে সংসদে গণতান্ত্রিক চর্চা আরও শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করেন তারা।

উল্লেখ্য, ভোলা-৩ আসনের সাতবারের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সম্প্রতি জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।