মুরাদনগরে কলেজ শিক্ষকের লাশ উদ্ধার 

কুমিল্লার মুরাদনগরে একটি ভাড়া বাসা থেকে চাষী সাইফুল ইসলাম (৩৫) নামে এক কলেজ শিক্ষকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৩মার্চ) বিকালে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর বাজারের সেলিম ডাক্তারের ভবনের দ্বিতীয় তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। শিক্ষক সাইফুল ইসলাম জামালপুর সদরের রশিদপুর ইউনিয়নের রামনগর গ্রামের মৃত মোবারক আলীর ছেলে। তিনি তার পরিবারের একমাত্র সদস্য। তিনি ছিলেন অবিবাহিত ছিলেন বলে জানা গেছে।

কলেজ সূত্রে জানা যায়,  ২০২২ সালের ১ নভেম্বর থেকে রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজে ইংরেজি বিষয়ের খন্ড কালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন সাইফুল ইসলাম। পাশের ভাড়াটিয়ারা জানান, গত রবিবার (৮মার্চ) শিক্ষার্থীরা এসে ডাকাডাকি করেছেন, ভিতরে কোন সারা না পেয়ে শিক্ষার্থীরা চলে গেছেন। শুক্রবার (১৩মার্চ) দুপুরে তার বাসা থেকে  দুর্গন্ধ বের হলে আশেপাশের লোকজন এসে পুলিশকে খবর দেন। বিকালে পুলিশ এসে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে।

অধ্যক্ষ মো. ফেরদৌস আহমেদ চৌধুরী বলেন, গত ৫ তারিখ কলেজে ক্লাস করেছে, এর পর থেকে আর কোন যোগাযোগ ছিল না। প্রায় সময় কাউকে কিছু না বলে কলেজে অনুপস্থিত থাকতেন তিনি। এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, দরজা ভিতর থেকে লাগানো ছিল। দুই দরজার লকাব ভেঙে লাশ উদ্ধার করেছি। লাশের পচন ধরেছে, মনে হচ্ছে চার পাঁচ দিন আগে মারা গেছে। কি কারণে মারা গেছেন তা ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।