নীলফামারীর কিশোরীগঞ্জে দরপত্র না পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেবকে হুমকি দেওয়ার ঘটনায় উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ হাসানুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এতে তার বিরুদ্ধে আইনি
ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। গত বৃহস্পতিবার রাতে যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর স¤পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী নানা অনাচারের কারণে নীলফামারীর সৈয়দপুর রাজনৈতিক জেলার আওতাধীন কিশোরীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমানকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। আরও বলা হয়, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা এবং আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত ১০ মার্চ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাদ্যসামগ্রী সরবরাহের দরপত্র পাননি হাসানুর রহমান। এ ঘটনায় তিনিসহ কয়েকজন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কক্ষে গিয়ে তাকে মারধরের হুমকি দেয়, যা সিসি ক্যামেরার মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে হাসপাতালে চিকিৎসক নার্সরা কর্মবিরতি পালন করেন। পরে সেই যুবদল নেতা স্বাস্থ্য কর্মকর্তার কাছে ভুল স্বীকার করে ক্ষমা চাইলেও দলটির কেন্দ্রীয় কমিটি তাকে দল থেকে বহিষ্কার করে।