বগুড়ায় তথ্যমন্ত্রী

শুধু বৈষয়িক উন্নয়ন দিয়ে জাতি এগিয়ে যেতে পারে না

রাজশাহী বিভাগের ৭ জেলার ৫১ জন সাংবাদিক ও তাদের পরিবারের ৪৬ মেধাবী সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তি ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আয়োজনে শহরের করতোয়া কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ আবদুল বাছিরের (বাছির জামাল) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, শুধু বৈষয়িক উন্নয়ন দিয়ে কোনো জাতি এগিয়ে যেতে পারে না। একটি জাতিকে এগিয়ে যেতে হলে তার মূল্যবোধ ও সংস্কৃতিকে উন্নত স্তরে নিয়ে যেতে হবে। আর তা যদি করা না যায় তবে বৈশ্বিক উন্নতি একটা স্তরে গিয়ে থেমে যাবে। গণমাধ্যমকে তাই এ বিষয়ে সচেতনতা তৈরিতে দায়িত্ব পালন করতে হবে। বগুড়ায় টিভিকেন্দ্র স্থাপনের বিষয়ে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া এখানে টিভিকেন্দ্র স্থাপন করেছিলেন। তিনি যে স্বপ্ন দেখেছিলেন, আমরা সেই স্বপ্ন পূরণের জন্য দ্রুত তৎপরতা শুরু করব। যে যে বিষয়গুলো জরুরি, সেসব বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। বগুড়ায় বেতার কেন্দ্র স্থাপনের বিষয়ে তিনি বলেন, কাহালু বেতার কেন্দ্র পরিদর্শন করে এটির জন্য যা যা প্রয়োজন তার ব্যবস্থা করা হবে।

বগুড়া প্রেস ক্লাবের বিষয়ে মন্ত্রী বলেন, যেহেতু এই প্রেস ক্লাবটি বর্তমান প্রধানমন্ত্রী ২০০৩ সালে ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিলেন। তাই এটি পূর্ণাঙ্গ করার ব্যবস্থা গ্রহণ করা হবে। যাতে আমাদের সময়ের মধ্যে তা সম্ভব হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান। স্বাগত বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস।

সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদের পরিচালনায় অন্ষ্ঠুানে রাজশাহী বিভাগের সাত জেলার সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তি ও সাংবাদিকদের আর্থিক সহায়তার চেক বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।