দিল্লিতে বহুতল ভবন ধসে নিহত ৩ বহু হতাহতের শঙ্কা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ এএম

ভারতের রাজধানী নয়াদিল্লির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সত্য নিকেতন এলাকায় একটি ছয়তলা ভবন ধসে পড়েছে। এ ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছে। ভবনের ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গতকাল রবিবার দুপুরের দিকে ভবন ধসের ওই ঘটনা ঘটে। আটকে পড়াদের জীবিত উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছে উদ্ধারকর্মীরা। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, ভবনটি অতিথিদের আবাসন হিসেবে ব্যবহৃত হতো। ধসে পড়া ভবনটি দিল্লি বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসের কাছে অবস্থিত হওয়ায় সেখানে অনেক শিক্ষার্থী থাকতেন। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ভবনটি থেকে ৯ জনকে উদ্ধারের কথা জানিয়েছে এনডিটিভি।

তবে ভবনের ধ্বংসস্তূপের নিচে ঠিক কতজন আটকা পড়েছেন, সেই বিষয়ে সুনির্দিষ্ট সংখ্যা জানাতে অস্বীকৃতি জানিয়েছে দিল্লি পুলিশ। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় পুলিশ, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স এবং অন্য জরুরি সেবা সংস্থা দুর্ঘটনাস্থলে কাজ করছে। ৪০ থেকে ৫০ বছরের পুরনো ছয়তলা ভবনটিতে ‘হোস্টেল ডেজ’ নামের একটি ৭৫ বেডের পেয়িং গেস্ট (পিজি) হোস্টেল পরিচালিত হতো, যেখানে দিল্লি বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী বসবাস করতেন। একজন প্রত্যক্ষদর্শী এনডিটিভিকে বলেছেন, ভবনটি ধসে পড়ার সময় সেটির ভেতরে অন্তত ৫০ জন শিক্ষার্থী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেছেন, রবিবার হওয়ায় তাদের অধিকাংশই বাসায় ছিলেন। দুর্ঘটনাস্থলে উপস্থিত এক শিক্ষার্থী বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, তিনি ধ্বংসস্তূপের নিচ থেকে অনেকের বাঁচার আকুতি শুনতে পেয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের বেসমেন্টে মেরামতের কাজ চলাকালীন সময়ে পুরো ভবনটি তাসের ঘরের মতো ধসে পড়ে।

প্রাথমিকভাবে অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ধসে যাওয়া ভবনের আশপাশে অসংখ্য মানুষ জড়ো হয়েছেন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে জীবিতদের খুঁজছেন। উদ্ধারকর্মী ও ভারী যন্ত্রপাতি পৌঁছানোর অপেক্ষা না করেই স্থানীয় বাসিন্দারা খালি হাতেই ধ্বংসস্তূপ সরাতে শুরু করেছেন। অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি কংক্রিটের সø্যাবের নিচে আটকা পড়েছেন এবং বহু মানুষ সেটি তুলে ধরার চেষ্টা করছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ভবন ধসের এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছেন। তিনি বলেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাশের ভবনটি খালি করে দেওয়া হয়েছে। আটকে পড়া মানুষদের নিরাপদে উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিক সহায়তা দিতে সম্ভাব্য সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। সার্বিক পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। এ ঘটনাকে ‘কষ্টকর’ অভিহিত করে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সর্বশেষ সর্বাধিক পঠিত