শেরপুরের নকলায় পবিত্র-ঈদুল ফিতর উপলক্ষে বিনামূল্যে ১০ কেজি করে ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিংয়ের (ভিজিএফ) চাল বিতরণের আয়োজন করা হয়। শনিবার (১৪ মার্চ) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী। এসময় তিনি নিজ হাতে অনেকের হাতে চাল তুলে দেন।
উদ্বোধনকালে ভোক্তাদের উদ্দেশ্যে এমপি ফাহিম চৌধুরী বলেন, সরকার যে চাল আপনাদের দিয়েছে সেগুলো পাইকারদের কাছে কমদামে বিক্রি না করে আপনারা খাবেন। বিনামূল্যে পাওয়া সরকারি চাল বিক্রি করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, লাভবান হবে অন্যরা। তাই এগুলোর সঠিক ব্যবহার করতে আপনাদের পরামর্শ দেওয়া হলো।
প্রশাসক নকলা পৌরসভা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দুঃস্থ, অসহায়, দুর্যোগ আক্রান্ত ও হত দরিদ্র ব্যক্তি বা পরিবারের মাঝে নকলা পৌরসভা শেরপুরের আয়োজনে ৩ হাজার ৮৫জনকে জনপ্রতি ১০ কেজি হারে সিদ্ধ চাল বিতরণ করা হয়। যদিও গত বছর একই কর্মসূচিতে আতব চাল দেওয়া হয়েছিল। তবে এবার সেই আয়োজন দেখা যায়নি।