অ্যাকশন ও ভায়োলেন্সে ভরা রাক্ষসের ট্রেলার

শুক্রবার (১৩ মার্চ) ট্রেলার প্রকাশের কথা থাকলেও সন্ধ্যা পেরিয়ে রাত গভীর হলেও দেখা মিলছিল না রাক্ষস সিনেমাটির ঝলক। এতে অনেক সিনেমাপ্রেমী সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে থাকেন। কেউ কেউ অপেক্ষা ছেড়ে ঘুমানোর প্রস্তুতিও নিচ্ছিলেন। ঠিক সেই সময়ই হঠাৎ করেই মধ্যরাতে প্রকাশ করা হয় ট্রেলারটি। 

প্রকাশের পরপরই তা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সেখানে সিয়ামের মারকাটারি উপস্থিতি ও অ্যাকশন দৃশ্য নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। ‘রাক্ষস মাঝরাতেই আসে… আর তখনই শুরু হয় কোপ’- এমন ক্যাপশন দিয়ে ট্রেলারটি প্রকাশ করা হয়। প্রকাশের পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে। 

ট্রেলারে দেখা যাচ্ছে অভিনেতা সিয়াম আহমেদের একেবারে ভিন্ন রূপ। অ্যাকশন ও ভায়োলেন্সে ভরপুর দৃশ্যে তার উপস্থিতি দর্শকদের দৃষ্টি কেড়েছে। একই সঙ্গে নজর কাড়েন নায়িকা সুস্মিতা চট্টোপাধ্যায়। ট্রেলারের কিছু দৃশ্যে ‘বরবাদ’ সিনেমার জিল্লুর চরিত্রের উপস্থিতিও দেখা যায়। যা দেখে অনেকে ধারণা করছেন এটি হয়তো ‘বরবাদ’র ইউনিভার্সের অংশ। তবে এ বিষয়ে জানতে চাইলেও পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

এর আগে এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘রাক্ষস’ ছবিতে রয়েছে একেবারে ভিন্ন ধরনের ক্রেজি লাভ স্টোরি। তার ভাষায়, সাম্প্রতিক সময়ে ঢালিউড বা টলিউডে এমন পাগলাটে প্রেমের গল্প দেখা যায়নি। ছবিটিতে রয়েছে তীব্র অ্যাকশন, ব্রুটাল ভায়োলেন্স, রোমান্স ও পারিবারিক ড্রামার মিশেল। 

সিনেমাটি প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি।