বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ওয়ানডেতে সালমান আলী আগার সেই বিতর্কিত রান-আউটটি এখন ইন্টারনেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু। কেউ এটাকে আইনসিদ্ধ বলছেন, আবার কেউ বলছেন ক্রিকেটীয় চেতনার বিরোধী। তবে সালমানের রান-আউট শুধু এই তর্কের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; বরং এটা দিয়ে সচেতনতামূলক বিজ্ঞাপন তৈরি করেছে রাওয়ালপিন্ডি ট্রাফিক পুলিশ।
রাওয়ালপিন্ডি পুলিশ তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম হ্যান্ডেলে সালমান আঘার সেই আউটের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছে, ‘রাস্তা হোক বা খেলার মাঠ, নিরাপদ থাকতে হলে অন্যের ওপর কম আর নিজের ওপর বেশি ভরসা রাখুন! আপনার ব্যক্তিগত সতর্কতা এবং দায়িত্বশীল আচরণই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ পুলিশের এই বার্তাটি মূলত একটি ট্রাফিক শিক্ষা, যাতে মানুষ সতর্কভাবে রাস্তায় চলাচল করতে পারে।
গতকাল শুক্রবার সালমান আগা অসতর্ক না হলে ওভাবে রান-আউট হতেন না। মিরাজ বোলিং করার সময় তিনি ক্রিজ থেকে বেরিয়ে এসেছিলেন। মোহাম্মদ রিজওয়ানের ব্যাট ছুঁয়ে আসা বলে তিনি ফিল্ডিং করতে গেলে হুট করে সালমান ক্রিজে না ফিরেই বল কুড়িয়ে মিরাজকে দিতে যান। তবে দ্রুতই নিজে থেকে বল নিয়ে সালমানকে রান-আউট করে দেন মিরাজ। এটাকে সালমানের ম্যাচ সতর্কতার অভাব হিসেবেই দেখছেন বিশ্লেষকেরা।
সালমান আঘার মতো অসতর্ক না হয়ে বরং চারপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া—এটাই জীবনের এবং ড্রাইভিংয়ের মূল মন্ত্র। সালমান আগা সচেতন ছিলেন না, তাই আউট হয়েছেন। রাওয়ালপিন্ডি পুলিশ বিজ্ঞাপনের মাধ্যমে জনগনকে এই বার্তাই দিতে চেয়েছে। অন্যদিকে বেচারা সালমান আউট হওয়ার পর রাগ দেখিয়ে শাস্তি হিসেবে আইসিসির তিরস্কার ও ডিমেরিট পয়েন্ট পেয়েছেন।