'রিজওয়ান শেষ, সালমান ম্যানেজমেন্টের লাডলা', বিস্ফোরক আসিফ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পিএম
ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে শোচনীয় পরাজয়ের পর পাকিস্তানের সিনিয়র ক্রিকেটারদের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন দেশটির সাবেক পেসার মোহাম্মদ আসিফ। দলের সিনিয়র তারকা মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আঘাকে একহাত নিয়ে আসিফ অভিযোগ করেছেন, টিম ম্যানেজমেন্ট পক্ষপাতিত্বের মাধ্যমে পারফর্ম না করা ক্রিকেটারদের বাঁচিয়ে রাখছে।

'নকাশ খান শো'-তে কথা বলতে গিয়ে আসিফ মোহাম্মদ রিজওয়ান এবং সালমান আগার সমালোচনা করেন। সালমানকে কটাক্ষ করে তিনি বলেন, ম্যানেজমেন্ট ইচ্ছে করেই প্রিয়পাত্রদের দলে টিকিয়ে রেখেছে।
 
সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কের দায়িত্ব পালন করা সালমান আলী আঘা সম্পর্কে আসিফ অত্যন্ত ব্যঙ্গাত্মক সুরে বলেন, "ও তো আমাদের সেরা খেলোয়াড়। দলে তো একজন আদুরে খেলোয়াড় থাকতেই হয়, তাই না? না রেখে উপায় নেই, ওকে ম্যানেজমেন্টের লাডলা বলতেই হবে। তবে সে সত্যিই আমাদের অন্যতম সেরা—মিডল অর্ডার একা টেনে ধরে রেখেছে।"

সাবেক এই পেসার আরও দাবি করেন, বর্তমান স্কোয়াডে এমন তিন-চারজন খেলোয়াড় আছেন, যারা পাকিস্তানের ভালো মানের ক্লাব দলেও সুযোগ পাওয়ার যোগ্য নন; অথচ তারা গত দুই-তিন বছর ধরে নিয়মিত জাতীয় দলে খেলে যাচ্ছেন।

মোহাম্মদ রিজওয়ানের ফর্ম ও উইকেটকিপিং নিয়ে প্রশ্ন তুলে আসিফ বলেন, তার সময় শেষ এবং এখন তরুণদের সুযোগ দেওয়ার সময় এসেছে, "রিজওয়ান এমন কী বিরাট কিছু করে ফেলেছে যে তাকে এভাবেই খেলাতে হবে? শেষ ম্যাচেও তার কিপিং এত খারাপ ছিল যে তাকে দেখে একজন প্রপার কিপার মনেই হচ্ছিল না। আমার মতে ওর সময় শেষ, এখন একজন তরুণকে সুযোগ দেওয়া দরকার। একটা তরুণ খেলোয়াড় যদি এক-আধটা সিরিজে খারাপও করে, সমস্যা কোথায়? রিজওয়ান তো ঠিক সেটাই করছে—ও এখন একটা লম্বা ফর্মহীনতার মধ্য দিয়ে যাচ্ছে।"
 
আসিফ আরও যোগ করেন, "এমন চার-পাঁচজন খেলোয়াড় আছে যারা পারফর্ম না করেও শুধু দল থেকে বাদ পড়া এড়িয়ে যায়। হ্যাঁ, এখন যদি মুলতানে একটা পুরো ফ্ল্যাট ও মৃত পিচ বানিয়ে দেন, ও সেখানে একটা সেঞ্চুরি করে ফেলবে, কিছু সময় পেয়ে যাবে এবং পরবর্তী ১২টি টেস্টের জন্য নিজের জায়গা পাকাপোক্ত করে নেবে।"

 

 
সর্বশেষ সর্বাধিক পঠিত