পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমিদস্যুতা নির্মূলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরহালিম বাজারে বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। ‘মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশের যুব সমাজকে বাঁচান’ এই সেøাগান নিয়ে মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদক ও সন্ত্রাসবিরোধী বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
বক্তারা বলেন, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। এটি যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমিদস্যুতার মতো অপরাধ সমাজে অস্থিরতা সৃষ্টি করছে। এসব অপরাধ দমনে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তারা আরও বলেন, বড়বাইশদিয়া ইউনিয়নে কোনো ধরনের অপরাধমূলক কর্মকান্ড সহ্য করা হবে না।
এতে উপস্থিত ছিলেন বড়বাইশদিয়া ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন শিকদার, ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক আমানুল্লাহ আরমান এবং ইউনিয়ন কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম তুহিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।