নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাই

বিএনপি নেতাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

ঠাকুরগাঁওয়ের হরিপুরের মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার অভিযোগে উপজেলা বিএনপি সভাপতি জামাল উদ্দীনসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় আরও ৩৫-৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গত শুক্রবার রাতে কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশিদ বাদী হয়ে হরিপুর থানায় মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কলেজটিতে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার কার্যক্রম চলাকালে একদল ব্যক্তি হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করে। এ সময় তারা হট্টগোল সৃষ্টি করে পরীক্ষার খাতা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপি সভাপতি জামাল উদ্দীন বলেন, তারা কোনো মব তৈরি করতে যাননি। অবৈধভাবে ও মোটা অঙ্কের নিয়োগ-বাণিজ্যের মাধ্যমে ছুটির দিনে নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছিল। এ কারণে তারা সেখানে প্রতিবাদ জানাতে গিয়েছিলেন।