মাগুরার শ্রীপুর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কেষ্টপুর এলাকায় গত শুক্রবার রাত ৯টার দিকে চলন্ত মোটরসাইকেলের উপর গাছের ডাল ভেঙে পড়ে সুলভ অনন্ত প্রান্ত দত্ত (২৬) ও মাহফুজ রহমান (২৫) নামে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা একে অন্যের বন্ধু।
সুলভ অনন্ত শ্রীপুরের নাকোল ইউনিয়নের নাকোল সাহা পাড়া গ্রামের ভজন দত্তের ছেলে ও মাহফুজ একই উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের ঘাসিয়াড়া খাল দিয়েরপাড়া গ্রামের দিপুল ইসলামের ছেলে।
রামনগর হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান জানান, ওই দুই যুবক রাতে নাকোল থেকে মোটরসাইকেলে করে মাগুরা শহরের দিকে যাচ্ছিল। পথে কেষ্টপুর স্ট্যান্ড এলাকায় পৌঁছালে হটাৎ ঝড়ো বাতাসে গাছের একটি মরা ডাল ভেঙে তাদের মাথার ওপর পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সুলভ অনন্তকে মৃত ঘোষণা করেন।
মাহাফুজকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে তার মৃত্যু হয়।