অপ্রতিরোধ্য নারী উদ্যোক্তা সুমি

অভাবের সংসার, পরিবারের বড় মেয়ে সুমি। পরিবারের হাল ধরতে বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানে নামমাত্র বেতনে চাকরি করেছেন বছরের পর বছর। করোনার প্রাদুর্ভাবে যখন জনজীবন বিপর্যস্ত তখন তার জীবনে নেমে আসে ঘোর আধার। দিশেহারা হয়ে তিনি কী করবেন ভেবে কূলকিনারা পাচ্ছিলেন না। তার পরিবারের কষ্টের মুহূর্তগুলো ছিল এমন যে, যা দেখে যেকোনো হৃদয় ব্যথায় মুহ্যমান হয়ে যাবে। সুমির কঠিন মুহূর্তে আলোর দিশা দেখিয়েছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন। তিনি সুমিকে ভার্মি কম্পোস্ট সার উৎপাদনের পরামর্শ দেন এবং তাকে সার্বিক সহযোগিতা করেন।

সুমি খাতুন করোনার প্রাদুর্ভাবের সময়টাতে মাত্র ১০টা রিং এবং ৩ কেজি কেঁচু দিয়ে উৎপাদন শুরু করেন ভার্মি কম্পোস্ট সার। মূলত শাকসবজির ফেলে দেওয়া অংশ, অর্ধপচা গোবর একসঙ্গে মিশিয়ে সেখানে কেঁচো ছেড়ে দেওয়া হয়। কেঁচো সেসব ময়লা খেয়ে মলত্যাগ করে পঁচিয়ে ফেলে ও বংশবিস্তার করতে থাকে। কেঁচোর পচিয়ে ফেলা দ্রব্যই মূলত জৈব সারে পরিণত হয়। টাকা ধার করে তিনি সার তৈরির প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয় করেন। সার উৎপাদনের প্রথম ৬ মাসেও তিনি কোনো সার বিক্রি করতে পারেননি। এতে দুঃখ পেলেও হতাশ না হয়ে সাহসের সঙ্গে সামনে এগিয়ে গেছেন। ৬ মাসে তার ১৫ মণ সার জমা হয়। বলা যায়, উদ্যোক্তা জীবনের শুরুতেই চরম বাস্তবতার মুখোমুখি হন তিনি। এরপর উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নাম্ভী’র সহযোগিতায় উৎপাদিত সার বিক্রির সুযোগ পান তিনি। বর্তমানে তার খামারে ১২টি সেট (চেম্বার) রয়েছে। ভার্মি কম্পোস্ট সার উৎপাদনের পাশাপাশি অদম্য সাহসী উদ্যোক্তা সুমি খাতুনের রয়েছে পুষ্টি বাগান ও আনারস বাগান। পুষ্টি বাগানে মাল্টা ও পেঁপেসহ হরেক রকম ফলের গাছ রয়েছে। আর আনারস বাগানে সাথি ফসল হিসেবে মরিচ, সরিষা ও কলার আবাদ করেছেন তিনি।

সুমি খাতুন শুধু একজন উদ্যোক্তা নন বরং তিনি একজন সচেতন নাগরিক। তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ইয়েস গ্রুপের সদস্য। তিনি দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত এবং বেশ কয়েকটি স্থানীয় রক্তদান সংগঠনের একজন সক্রিয় সদস্য। ২০২৫ সালে তার জীবনে নেমে আসে ঘোর অমানিশা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) একটি প্রোগ্রাম থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পতিত হয়ে শয্যাশায়ী ছিলেন দীর্ঘদিন। বিভীষিকাময় দুর্ঘটনায় তার দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের দুই সহযোদ্ধা, মধুপুর উপজেলা সনাকের ইয়েস দলনেতা রুহুল আমিন রনি ও ইন্টার্ন রুহুল আমিন ইন্তেকাল করেন। ভয়াল সেই দুর্ঘটনায় তার শরীরের মধ্যভাগ ও মেরুদ-সহ শরীরের গুরুত্বপূর্ণ হাড় ভেঙে যায়। শারীরিকভাবে পর্যুদস্ত সুমি দুর্ঘটনার স্মৃতি কাটিয়ে উঠে সম্প্রতি তার কাজে অগ্রসর হচ্ছেন। সুমি খাতুন উপজেলা পর্যায়ে ২০২৪ সালে অর্থনীতিতে স্বাবলম্বী নারী জয়িতা পুরস্কার পান। একই বছর তিনি জেলা পর্যায়ে অর্থনীতিতে স্বাবলম্বী নারী হিসেবে জয়িতা পুরস্কারে ভূষিত হন। এ ছাড়াও তিনি তার কাজের স্বীকৃতিস্বরূপ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প পুরস্কার ২০২৪ এবং ২০২৫ পান। তার সফলতার সাথি হিসেবে সবসময় পাশে ছিলেন ব্লক অফিসার জেরিনা ইয়াসমিন রিপা।

অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা উদীয়মান উদ্যোক্তা সুমি খাতুন বর্তমানে আনন্দ মোহন কলেজে মাস্টার্সে অধ্যয়নরত। তিনি ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলেন, উপজেলা কৃষি অফিস কিংবা বিভিন্ন প্রজেক্ট বা প্রকল্প থেকে আরও সহযোগিতা পেলে তার ভার্মি কম্পোস্ট সারের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বেকার যুবক ও যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চান।

লেখক : শিক্ষার্থী, আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ