ইসরায়েলে তথ্য পাচারের অভিযোগে ইরানে ২০ জন গ্রেপ্তার

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা ইরানের সামরিক ও নিরাপত্তা স্থাপনাগুলোর সুনির্দিষ্ট অবস্থানসংক্রান্ত তথ্য ইসরায়েলের কাছে পাঠানোর চেষ্টা করছিলেন। প্রসিকিউটর কার্যালয়ের বিবৃতিতে দাবি করা হয়, 'জায়নবাদী শাসনের অনুগত কয়েকটি ভাড়াটে নেটওয়ার্ক' সামরিক, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত সংবেদনশীল তথ্য শত্রুপক্ষের কাছে পাচার করছিল। বিচার বিভাগীয় নির্দেশনার ভিত্তিতে এসব নেটওয়ার্কের সঙ্গে জড়িত ২০ জনকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। 

গত সপ্তাহে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের নতুন একটি ধাপ শুরু করেছে। এতে মাঠপর্যায়ের তথ্যদাতাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইরানের বিভিন্ন নিরাপত্তা চৌকি ও স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।
পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক এই ধরপাকড় অভিযানকে তেহরানের পক্ষ থেকে সন্দেহভাজন গোয়েন্দা নেটওয়ার্ক ভেঙে দেওয়ার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।