বাংলাদেশ স্কাউটসের রোভার শাখার সর্বোচ্চ অ্যাওয়ার্ড প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস) অর্জন করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) দুই শিক্ষার্থী। তারা হলেন রোভার মো. সজিব আলী ও গার্ল-ইন-রোভার অর্চি ঘোষ।
রবিবার (১৫ মার্চ) বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের পরিচালক মাহফুজা পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের জাতীয় পর্যায়ের প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড প্রার্থীদের লিখিত, মৌখিক, ব্যবহারিক ও সাঁতার মূল্যায়ন ক্যাম্প গত ২৭ থেকে ২৯ নভেম্বর ২০২৫ তারিখে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক, গাজীপুরে অনুষ্ঠিত হয়। উক্ত মূল্যায়নের ভিত্তিতে সারাদেশ থেকে মোট পাঁচজন রোভার স্কাউটকে এ অ্যাওয়ার্ডের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।
জাতীয় পর্যায়ের এ অ্যাওয়ার্ডের জন্য সারাদেশ থেকে মোট পাঁচজন রোভার স্কাউট মনোনীত হয়েছেন। মনোনীত অন্যান্যরা হলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার অনিক কুমার সাহা, ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার মোছা. ফাতেমাতুন জহুরা ও একই ইউনিটের রোভার লিজন পাল।