কেন্দ্রীয় শহীদ মিনারে এলোপাতাড়ি গুলিতে এক যুবক নিহত

রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ রাকিব (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় একজন কনটেন্ট ক্রিয়েটর বলে জানা গেছে।

রবিবার (১৫ মার্চ) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে পথচারীরা রাকিবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। রাকিবের মাথায় ১ রাউন্ড গুলি, পিঠের বাম ও ডান পাশে ২ রাউন্ড গুলির ক্ষত চিহ্ন রয়েছে। এছাড়া শরীরের ৬-৭ জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানা যায়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টায় মারা যান তিনি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এক যুবককে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপানোর ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

জানা যায়, রাকিবের বাসা শাহবাগ শীববাড়ি স্টাফ রিপোর্টারে। তার বাবার নাম মো. খোকন।

তাকে হাসপাতালে নিয়ে আসা জিএম ইশান জানান, রাতে তারা কয়েকজন বন্ধু শহীদ মিনারের পাশে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ হয়। এগিয়ে গিয়ে দেখেন, ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তখন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসেন।

নিহতের বন্ধু মো. রনি জানান, রাতে রাকিবসহ কয়েকজন মেয়ে বন্ধু শহীদ মিনারে পাশে চায়ের দোকানে চা খাচ্ছিল। এসময় এক যুবক তাকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর গুলির শব্দ পেয়ে শহীদ মিনারের উপরে গিয়ে দেখেন, রাকিব রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তার মাথায় গুলিবিদ্ধসহ শরীরের একাধিক জায়গায়  আঘাত রয়েছে। এরপর সেখানে থাকা লোকজন দৌড়ে একজনকে ধরে ফেলে। বর্তমানে সে শাহবাগ থানা হেফাজতে রয়েছে।

শাহবাগ থানা উপরিদর্শক (এসআই) মো. মিঠু ফকির জানান শহীদ মিনারে রাকিব নামে এক শিক্ষার্থীকে গুলিও ধারালো অস্ত্র দিয়ে কুপানোর ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই সেখানে থাকা লোকজন এক যুবককে আটক করে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।