ফেনীর ছাগলনাইয়ায় কৃষিজমির মাটি কাটা নিয়ে বিরোধের জেরে আবু আহমেদ (৩৭) ওরফে হোনা মিয়া নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। আহতরা হলেন একই গ্রামের জয়নাল আবেদিনের ছেলে আলাউদ্দিন সুজন (৩০) এবং নিহতের বড় ভাই নূরুল আলম কালা (৪০)। গুরুতর আহত অবস্থায় সুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নূরুল আলম কালা ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ সাতজনকে আটক করেছে।
গত শনিবার রাত ২টার দিকে উপজেলার পাঠাননগর ইউনিয়নের কনট্র্রাক্টর মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু আহমেদ পূর্ব পাঠাননগর গ্রামের আবুল কাসেমের ছেলে। আহত আলাউদ্দিন জানান, আবু আহমেদ সম্পর্কে তার চাচাতো ভাই। তিনি মাটি ব্যবসার সঙ্গে জড়িত এবং শ্রমিকের কাজ করতেন। পাঠাননগর ইউনিয়ন যুবদলের সদস্য নুর আহমদ মিয়া পাঠাননগরে এক ব্যক্তির কাছ থেকে মাটি কেনেন। শনিবার রাত ২টার দিকে জমি থেকে মাটি কেটে পিকআপ ভ্যানে করে অন্যত্র নিয়ে বিক্রি করছিলেন। কনট্রাক্টর মসজিদ এলাকায় গাড়ির টোকেনম্যানের দায়িত্বে ছিলেন আবু আহমেদ। এ সময় কামরুল হাসান জাহিদ তার কয়েকজন সহযোগী নিয়ে কনট্রাক্টর মসজিদ এলাকায় আসেন। তিনি মাটি কাটায় বাধা দিয়ে দুটি পিকআপভ্যান আটক করে ফেসবুকে লাইভ করেন। এ সময় আবু আহমেদ মোবাইল ফোন কেড়ে নিয়ে তার সঙ্গে তর্কে জড়ান।
আলাউদ্দিন অভিযোগ করেন, ছাগলনাইয়া থেকে আসা ১০ থেকে ১২ জন মিলে তর্কাতর্কির একপর্যায়ে আবু আহমেদকে লাথি-কিলঘুসি মারতে থাকেন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তিনিও মারধরের শিকার হন। ফেনী সদর হাসপাতালের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই মারা যান আবু আহমেদ।