পানিভর্তি গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাড়ির আঙিনায় পানিভর্তি গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কামারগাঁও ইউনিয়নের গোপালদারিকেল গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো একই গ্রামের মো. বাবুল মিয়ার দুই বছর বয়সী ছেলে অলি এবং রাসেল মিয়ার দেড় বছর বয়সী মেয়ে রুবি আক্তার।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকাল ১০টার দিকে শিশু দুটি বাড়ির উঠানে খেলছিল। কিছু সময় পর তাদের উঠানে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশু দুটির মা রুমা আক্তার ও তামান্না আক্তার বাড়ির পূর্ব পাশে আঙিনার একটি পানিভর্তি গর্তে গিয়ে দেখেন, অলি ও রুবি পানিতে ভাসমান অবস্থায় রয়েছে।

পরে দ্রুত তাদের উদ্ধার করে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

তারাকান্দা থানার ওসি তানবীর আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই শিশুর মরদেহ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।