গাজীপুর মহানগরীর টঙ্গীতে হাজীর মাজার বস্তি এলাকায় গত রবিবার মধ্যরাতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে যৌথবাহিনী। রাত পৌনে ১২টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সেনাবাহিনী, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, র্যাব, বিজিবি, সিআইডি, পিবিআইসহ পুলিশের একাধিক সংস্থা অংশ নেয়।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বস্তির বিভিন্ন গলি, বাসাবাড়ি ও সন্দেহভাজন স্থানে তল্লাশি চালান। অভিযান চলাকালে ৫৪ জনকে আটক করা হয়। এদের মধ্যে মামলার আসামি রয়েছে ১১ জন। আটককৃতদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, চুরি, মাদক কারবারিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।