মাদারীপুরে দুই সড়ক দুর্ঘটনায় আহত ৫

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে পৃথক স্থানে বাস-ট্রাক ও প্রাইভেটকারের সঙ্গে দুটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে সদর উপজেলার ঘটকচর ও সমাদ্দার এলাকায় এই দুটি দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের ছুটিতে স্ত্রী সন্তান নিয়ে প্রাইভেটকার যোগে গ্রামের বাড়ি ফিরছিলেন মোক্তার হোসেন। এ সময় বরিশাল যাওয়ার পথে ঘটকচর এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি বেপরোয়া গতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ডান পাশের চাকা ফেটে গিয়ে মহাসড়কের মাঝখানে গাড়িটি থেমে যায়। তবে কেউ হতাহত হয়নি। অল্পের জন্য রক্ষা পেয়েছেন মোক্তার ও তার পরিবার। 
অপরদিকে একই সময় সমাদ্দার এলাকায় ঢাকাগামী দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ যাত্রী। এই দুটি ঘটনায় প্রায় এক ঘণ্টা
 যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। 

ভুক্তভোগী মোক্তার হোসেন জানান, স্ত্রী -সন্তান নিয়ে ঢাকা থেকে বরিশাল যাচ্ছিলাম। এ সময় একটি ট্রাক আমাদের গাড়িটিকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। কিছু দূর গিয়ে গাড়িটা রাস্তার ওপর বন্ধ হয়ে আটকে গেলে আমরা প্রাণে বেচে যাই। ট্রাকটি পালিয়ে গেছে। আমার স্ত্রী সন্তানকে অন্য বাসে বাড়ি পাঠিয়ে দিয়েছি। আমি ঘটনার বিচার চাই। ট্রাকটিকে আটক করে শাস্তি দেওয়া হোক। 

স্থানীয় বাসিন্দা বলেন, এই সড়কটিতে নিয়মিত সড়ক দুর্ঘটনা হয়ে থাকে। মূল সমস্যা হলো রাস্তার সংকট। তাই সমস্যা সমাধানে দ্রুত এক্সপ্রেসওয়ে করার দাবি জানাই।

মস্তফাপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এস আই) মো. মতিউর রহমান জানান, ঈদকে সামনে রেখে গতকাল থেকে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। যে কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটা সাথে সংঘর্ষের ঘটনা ঘটছে। একটি প্রাইভেটকারকে সামনে থেকে ধাক্কা দিয়ে একটি ট্রাক পালিয়ে গেছে। কিন্তু এখনো ট্রাকটির পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া মহাসড়কে থ্রি হুইলার সহ অবৈধ যানবাহন চলাচলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো।