কুমিল্লার দাউদকান্দিতে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে উপজেলা বিএনপি। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার উদ্যোগে এই আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ আব্দুল লতিফ ভুইয়ার উদ্যোগে আয়োজিত এ ইফতার মাহফিলে স্থানীয় সাংবাদিকবৃন্দসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম বলেন, ‘সাংবাদিকদের লেখনীর মাধ্যমে যেমন একটি এলাকার সুনাম ছড়িয়ে পড়ে, তেমনি ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে দুর্নামও হতে পারে। তাই দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে দাউদকান্দিকে দেশের কাছে সম্মানজনকভাবে তুলে ধরার আহ্বান জানান তিনি।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে কিছু অনলাইন কনটেন্ট নির্মাতা ভিউ বাড়ানোর উদ্দেশ্যে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়াচ্ছেন, যা সমাজ ও রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ। এতে পেশাদার সাংবাদিকদের সুনামও ক্ষুণ্ন হচ্ছে।’
এ সময় তিনি সত্যনিষ্ঠ ও নির্ভুল তথ্য প্রকাশে সাংবাদিকদের সচেতন থাকার আহ্বান জানান।
সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভুইয়া বলেন, ‘আগামীতে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হলে এবং দলীয়ভাবে অনুমতি পেলে আমি চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী।’ তিনি দলীয় সিনিয়র নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন ও ড. খন্দকার মারুফ হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অতীতে দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেছিলেন।
তিনি আরও বলেন, ‘আমি একজন ব্যবসায়ী হিসেবে আল্লাহর রহমতে স্বচ্ছল। রাজনীতিতে এসেছি মানুষের সেবা করার জন্য। নেওয়ার জন্য নয়, দেওয়ার জন্য। দাউদকান্দিবাসীর কল্যাণে কাজ করতে চাই এবং এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।’
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন ভুইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।