সম্প্রতি চীনে এমন এক ডাইনোসরের জীবাশ্ম খুঁজে পাওয়া গেছে, যা অতীতে মেলেনি। পিঠ এবং শরীরের দুপাশে সজারুর মতো কাঁটা। আজ থেকে প্রায় সাড়ে ১২ কোটি বছর আগে পৃথিবীর বুকে ঘুরে বেড়াত তারা। হারিয়ে যাওয়া এই প্রাণীর একটি জীবাশ্ম খুঁজে পেয়েছেন গবেষকরা। নতুন আবিষ্কৃত বিলুপ্ত প্রজাতির নাম দিয়েছেন ‘হাওলং ডঙ্গি’। নতুন প্রজাতির সন্ধান ডাইনোসর যুগ নিয়ে নতুন করে ভাবাচ্ছে গবেষকদের। তখন পৃথিবী জুড়ে ঘুরে বেড়াত ডাইনোসর। ছিল থেরোপড গোত্রের ডাইনোসর, তেমনই অর্নিথোপডেরা। থেরোপডেরা ছিল হিংস্র শিকারি, যাদের মধ্যে অন্যতম টির্যাইনোসরাস-রেক্স বা টি-রেক্স। অন্যদিকে অর্নিথোপডেরা ছিল সম্পূর্ণ ভিন্ন চরিত্রের। এরা তৃণভোজী। এই অর্নিথোপডদের মধ্যে একটি বিশেষ শ্রেণি ছিল ইগুয়ানোডন্টিয়ান। আজ থেকে প্রায় সাড়ে ১৬ কোটি বছর আগে এদের আবির্ভাব হয়েছিল। সম্প্রতি চীনে ইগুয়ানোডন্টিয়ান শ্রেণির এক ডাইনোসরের জীবাশ্ম খুঁজে পাওয়া গিয়েছে, যা অতীতে মেলেনি। গবেষকরা চীনের উত্তর-পূর্ব প্রান্তে ওই ডাইনোসরের জীবাশ্ম খুঁজে পান। জীবাশ্মটির সঙ্গে ইগুয়ানোডন্টিয়ান শ্রেণির ডাইনোসরের যথেষ্ট মিল রয়েছে। এই শ্রেণির ডাইনোসরদের অন্য যে জীবাশ্ম মিলেছে, তাতে এ ধরনের ত্বকের গড়ন আগে দেখা যায়নি। চীনের এই জীবাশ্ম থেকে স্পষ্ট, এদের ত্বক ছিল সজারুর মতো কাঁটাবিশিষ্ট। গবেষকরা অনুমান করছেন, আত্মরক্ষার জন্য এই কাঁটাগুলো ব্যবহার হতে পারে।