ঝড়ের কবলে লঞ্চ, শতাধিক যাত্রী নিয়ে ১৫ ঘণ্টা চরে আটকা

চালকের অদক্ষতার কারণে গত সোমবার গভীর রাতে ঝড়ের কবলে পড়ে চরে উঠে আটকা পড়ে ঢাকা-হাতিয়া রুটে চলাচলকারী লঞ্চ এম ভি সুগন্ধা। পরদিন জোয়ার আসলেও নদীতে পানি কম থাকায় লঞ্চটি ভাসানো যায়নি। তাই  শতাধিক যাত্রী নিয়ে প্রায় ১৫ ঘণ্টা ধরে চরে আটকা পড়েছে লঞ্চটি।

জানা যায়, গত সোমবার রাত ৩টায় ঢাকার সদর ঘাট থেকে নোয়াখালীর হাতিয়া উপজেলার নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা লঞ্চ এমভি সুগন্ধা ইলিশা ঘাটের আগে ঝড়ের কবলে পড়ে। প্রবল ঢেউয়ের তোড়ে লঞ্চটি চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী চরে উঠে আটকা পড়ে। গতকাল মঙ্গলবার বিকেলে মুঠোফোনে কথা হলে আটকাপড়া যাত্রীরা চরম দুর্ভোগ ও অসহায়ত্বের কথা জানান। লঞ্চ থেকে  যাত্রীরা বিষয়টি মুঠোফোনে হাতিয়া কোস্টগার্ড ও নৌবাহিনীকে জানালেও এদিন বিকেল পর্যন্ত যাত্রীদের উদ্ধারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।

লঞ্চে থাকা যাত্রী দিনাজ উদ্দিন বলেন, ‘রাত ২টার দিকে লঞ্চটি চরে আটকা পড়ে। কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করলে তারা তিনটি ট্রলার পাঠানোর কথা জানায়। লঞ্চটি চরে আটকাপড়ার সাড়ে ১৫ ঘণ্টা পার হলেও এটি উদ্ধারে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।’

আরেক যাত্রী বলেন, আড়াই বছর ও ছয় মাসের দুই শিশু সন্তান, স্ত্রীসহ লঞ্চে আটকা আছেন তিনি। গতকাল সকাল থেকে ছোট বাচ্চাদের কোনো খাবার দেওয়া সম্ভব হয়নি। তাদের নামারও কোনো ব্যবস্থা করা হয়নি। তারা এখন চরম মানবিক সংকটে রয়েছেন।

লঞ্চের চালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘হঠাৎ ঝড়ের কবলে পড়ে লঞ্চটি চরের ওপর উঠে যায়। নিয়ন্ত্রণে রাখতে নোঙর করা হয়। পরে ভাটার কারণে পানি কমে গেলে লঞ্চটি আটকেপড়ে। নদীতে পানি কম থাকায় জোয়ারেও লঞ্চটি ভাসানো সম্ভব হয়নি। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তারা উদ্ধারকারী জাহাজ পাঠানোর চেষ্টা করছেন।