‘এমভি সুগন্ধা’র শতাধিক যাত্রী ১৭ ঘণ্টা পর উদ্ধার!

গভীর রাতে ঝড়ের কবলে পড়ে চরে আটকা পড়া ঢাকা-হাতিয়া-ঢাকা রুটে চলাচলকারী 'এমভি সুগন্ধা' লঞ্চের শতাধিক যাত্রীকে ১৭ ঘণ্টা পর ভোলা জেলার  'চর ভৈরবী' থেকে উদ্ধার করেছে কোস্ট গার্ডের সদস্যরা। মঙ্গলবার (১৭মার্চ) বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড দক্ষিণ জোন ভোলা স্টেশনের কালিগঞ্জ কার্যালয়ের  কন্টিনজেন্ট কমান্ডার কাজল কুমার নাথ (পিও)-এর নেতৃত্বে একটি দল তাদের উদ্ধার করে ভোলার ইলিশা ঘাটে পৌঁছে দেয়।

উদ্ধার হওয়া যাত্রী হাতিয়ার উপসহকারী মেডিকেল অফিসার বিমান চন্দ্র আশ্চর্য্য  জানান, চরে আটকা পড়ার পর তারা নৌবাহিনী ও কোস্ট গার্ডের সহযোগিতা চান। পরে কালিগঞ্জ কোস্ট গার্ডের একটি দল তাদের উদ্ধার করে নিরাপদে ইলিশা ঘাটে নিয়ে যায়। লঞ্চের যাত্রী দিনাজ উদ্দিন কোস্ট গার্ডকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রায় ১০০ জন নারী, পুরুষ ও শিশুকে একটি স্টিল বডি  ট্রলারে(ইঞ্জিন চালিত নৌকা) করে নিরাপদে ভোলা জেলার ইলিশা লঞ্চ ঘাটে পৌঁছে দেওয়া হয়েছে। সকল যাত্রী সুস্থ আছেন। উদ্ধারকারী দল দ্রুততার সঙ্গে ভোলা জেলার 'চর ভৈরবী'এলাকা থেকে উদ্ধার কাজ সম্পন্ন করে। রাত হয়ে গেলে পরিস্থিতি আরও বিপজ্জনক হতে পারত।

জানা গেছে, ঢাকা-হাতিয়া-ঢাকা রুটে যাত্রীদের চলাচল সুগম করতে 'এমভি রূপসা' এবং 'এমভি সুগন্ধা' নামক দুটি লঞ্চ সরকারিভাবে চালুর সিদ্ধান্ত হয়। সোমবার(১৬মার্চ) সন্ধ্যায় ঢাকার সদরঘাট থেকে 'এম ভি সুগন্ধা' লঞ্চটি নোয়াখালীর হাতিয়ার নলচিরা ঘাটের উদ্দেশ্যে উদ্বোধনী যাত্রা শুরু করে। সেদিন যাত্রার শুরুতে প্রথম রাতেই রাত ৩টার দিকে লঞ্চটি ভোলা জেলার ইলিশা ঘাটের আগে ঝড়ের কবলে পড়ে। প্রবল ঢেউয়ের তোড়ে লঞ্চটি 'চর ভৈরবী'এলাকার চরে থেমে যায়। লঞ্চটিকে নিয়ন্ত্রণে রাখতে সেখানে নোঙর করা হয়। পরে নদীতে  ভাটার কারণে পানি কমে গেলে লঞ্চটি আটকে পড়ে। জোয়ার এলেও পানি কম থাকায় সেটিকে ভাসানো সম্ভব হয়নি।

বাংলাদেশ কোস্ট গার্ডের দক্ষিণ জোনের(ভোলা জেলার আওতাধীন) কালিগঞ্জ  কার্যালয়ের কন্টিনজেন্ট কমান্ডার কাজল কুমার নাথ (পিও) বলেন, সংবাদ পাওয়ার পর আমি দ্রুত একটি স্টিল বডি ট্রলার  নিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হই। সেখান থেকে ৮০ জন যাত্রীকে উদ্ধার করে ভোলা জেলার  ইলিশা ঘাটে নিরাপদে পৌঁছে দিয়েছি। তারা রাতে সেখান থেকে ঢাকার সদরঘাট থেকে ছেড়ে আসা তমরদ্দি লঞ্চঘাট গামী  'এমভি ফারহান১০' লঞ্চে করে হাতিয়া রওনা করবেন। লঞ্চে থাকা সকল যাত্রী সুস্থ আছেন এবং তাদের সকল ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।