দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ের স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত বিদ্যমান লটারি প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি পদ্ধতি বাতিল করেছে সরকার। আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক আদেশে এ কথা জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব মুন্না রানী বিশ্বাসের স্বাক্ষরিত ওই আদেশে জানানো হয়েছে, বর্তমানে সারা দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোয় প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি লটারির মাধ্যমে সম্পন্ন হচ্ছে। তবে ২০২৭ শিক্ষাবর্ষ থেকে এই লটারি পদ্ধতি বাতিল করা হবে। আদেশে উল্লেখ করা হয়, লটারি পদ্ধতি বাতিলের পর অংশীজনদের মতামতের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম গ্রহণ করা হবে। এর ফলে ইতিপূর্বে জারি করা (১৩ ও ১৯ নভেম্বর ২০২৫ তারিখের) সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা দুটি নির্দেশক্রমে বাতিল করা হয়েছে। লটারি পদ্ধতির পরিবর্তে মেধা যাচাই বা অন্য কোনো বৈজ্ঞানিক পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তির বিষয়টি এখন সংশ্লিষ্ট মহলে আলোচনার ভিত্তিতে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালায়।
এর আগে গত ১৬ মার্চ এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, শিক্ষা ব্যবস্থার গুণগত মান নিশ্চিত করতে এবং শিক্ষার্থী ও অভিভাবকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত হয়েছে।